২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন না দেওয়া সংবিধান ও মানবাধিকার বিরোধী: হাসিনা

জরুরি বিধির মামলায় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে না বলে আপিল বিভাগের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেছেন, এটা সংবিধান ও মানবাধিকার বিরোধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 11:34 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধির মামলায় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে না বলে আপিল বিভাগের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেছেন, এটা সংবিধান ও মানবাধিকার বিরোধী। বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এ ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি শেষে বিচারকের অনুমতি নিয়ে আইনজীবী ও স্বজনদের সঙ্গে কথা বলার সময় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এ মন্তব্য করেন। বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এক রায়ে বলা হয়, জরুরি বিধির মামলায় হাইকোর্টও জামিন আবেদন বিবেচনা করতে পারবে না। এ রায় প্রসঙ্গে হাসিনা বলেন, "সুপ্রিম কোর্ট এটা কি করলো? একজন অভিযুক্ত জামিন চাইতে পারবে না পৃথিবীর কোনো সভ্য দেশে এই আইন আছে নাকি!" তিনি বলেন, "সংবিধান ও মানবাধিকার লংঘন করে এরা যা ইচ্ছা তাই করছে। জামিন পাওয়ার পরও তৌফিক এলাহী চৌধুরীকে জরুরি আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অথচ ওই সময় তিনি অভিযোগে উল্লেখ করা এলাকাতেই ছিলেন না। এতেই প্রমাণ হয় এ সরকারের সব মামলাই মিথ্যা, বানোয়াট।" এদিকে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার সকাল সোয়া ১১ টার দিকে আদালতে যান। সেখানে হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন হাসিনার আইনজীবী আজমালুল হক কিউসি ও দক্ষিণ আফ্রিকা থেকে আসা আইনজীবী ম্যাক্স ডিও পেসিস। মামলার ব্যাপারে হাসিনার আইনজীবীদের পরামর্শ দিতে শেরি গত মঙ্গলবার বাংলাদেশে আসেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেরিকে উদ্দেশ্য করে বলেন, "১৮৯৮ সালে আপনাদের করা ফৌজদারী কার্যবিধি দিয়েই এ মামলার বিচার কাজ চলছে।" আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ এ সময় বলেন, "ওই আইনের সঙ্গে জরুরি বিধিও রয়েছে; যা সংবিধান ও মানবাধিকার বিরোধী।" মামলার শুনানি শেষে শেরি বিচারকের অনুমতি নিয়ে শেখ হাসিনার সঙ্গে আধঘণ্টার বেশি সময় কথা বলেন। নিচু স্বরে কথপোকথনের সময় দু'জনকেই হাসিমুখে দেখা যায়। পরে হাসিনার আইনজীবীরাও তাদের সঙ্গে যোগ দেয়। আইনজীবীরা শেরির হাতে 'প্রেজেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ' নামে একটি প্রতিবেদন তুলে দেয়। বিদায়ের সময় হাসিনা ও শেরি পরস্পরকে আলিঙ্গন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জেকে/এমএ/১৮৩০ঘ.