ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাজাহান সিরাজকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। স্বামীর দুর্নীতিতে সহায়তা করায় সাবেক মন্ত্রীর স্ত্রী রাবেয়া হায়দারকে দেওয়া হয়েছে তিন বছর কারাদণ্ড। একই সঙ্গে এ দম্পতির পৌনে চার কোটি টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত দম্পতি পলাতক রয়েছে। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলার তাদের অনুপস্থিতিতেই রায় হয়।
আদালত ১৩ বছর কারাদণ্ডের পাশাপাশি শাজাহান সিরাজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাভোগ করতে হবে। একইভাবে রাবেয়া হায়দারকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দিয়েছে আদালত।
আদালত শাজাহান সিরাজ ও রাবেয়া হায়দারের অবৈধভাবে অর্জিত ৩ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৪৯১ টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।
এ সম্পদের মধ্যে রয়েছে সাভারে অবস্থিত দেশের একমাত্র সবজি ও ফল হিমাগার 'গার্ডেন ফ্রেস প্রিজারভেশন'-এর রাবেয়া হায়দারের শেয়ার। এ প্রতিষ্ঠানটি তৈরি করতে ৪ কোটি টাকা খরচ হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে পাওয়া গেছে।
শাজাহান সিরাজকে দুটি ধারায় সম্পত্তির তথ্য গোপনের জন্য তিন বছর এবং অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ে বলা হয়, একটির পর অপর সাজা কার্যকর হবে।
গত বছরের ২৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খায়রুল হুদা রমনা থানায় শাজাহান সিরাজ ও রাবেয়া হায়দারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, শাজাহান সিরাজ কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে ৫ লাখ ৯২ হাজার ৭৯৬ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৬৮ লাখ ৫০ হাজার ৬০২ টাকার সম্পত্তি রয়েছে।
অন্যদিকে রাবেয়া হায়দারও জ্ঞাত আয়ের বাইরে ১২ লাখ ৭৮ হাজার ৯৯২ টাকার সম্পত্তি অর্জন করেছেন। এর মধ্যে তিনি ৬৫ হাজার ৯৯২ টাকার ব্যাংক স্থিতির তথ্য গোপন করেছেন।
পরে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে এই দম্পতির জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৪৯১ টাকা।
কর ফাঁকির মামলায় এর আগে শাজাহান সিরাজকে ৮ বছর কারাদণ্ড দেয় আদালত। একই অপরাধে আলাদা পাঁচটি মামলায় রাবেয়া হায়দারকে ৮ বছর করে মোট ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তাদের ছেলে রাজিব সিরাজকে অন্য পাঁচটি মামলায় আরও ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কর ফাঁকির আরও দুটি মামলায় রাজিব সিরাজের স্ত্রী ফারজানা খানের ১৪ বছরের সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24