মানিকগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরিরামপুর উপজেলার বলড়া বাজারে সোমবার একটি জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় গ্রামবাসীর হামলায় এক ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়লে চার গ্রামবাসী গুলিবিদ্ধ হন। বিক্ষুব্ধ এলাকাবাসী জেলা প্রশাসনের একটি গাড়ি ভাংচুর করেছে।
হামলায় আহতরা হলেন- ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম, হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদ আহসান, সার্ভেয়ার নাজমুল আলম, পুলিশের নায়েক আমিনুর, কনস্টেবল আসলাম এবং নজরুল, মোবারক, মাসুদ ও নজু মিয়াসহ আরও ছয়জন শ্রমিক। এদের মধ্যে সার্ভেয়ার নাজমুল আলমকে ভর্তি করা হয়েছে হরিপুর স্বাস্থ্য কেন্দ্রে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ গ্রামবাসীরা হলেন- আনোয়ার হোসেন, মিলন, আনোয়ার ও জহিরুল ইসলাম নামে চার গ্রামবাসী। তবে তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন সেটা জানা যায়নি।
মানিকগঞ্জের পুলিশ সুপার শেখ মো. মারুফ হাসান জানান, সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার সময় গ্রামবাসীদের হামলায় একজন ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভুমি), সার্ভেয়ার, দুই পুলিশ সদস্য ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করে। পুলিশের গুলিতে কয়েকজন গ্রামবাসী আহত হওয়ার কথাও স্বীকার করেন তিনি।
ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম সাংবাদিকদের জানান, কয়েক মাস আগে বলড়া বাজারে সরকারি জমির ওপরে অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়। সোমবার সেই ভাঙা স্থাপনাগুলো সরিয়ে ফেলতে গেলে গ্রামবাসীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।
স্থানীয় লোকজন, জেলা ও পুলিশ প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বলড়া বাজারের একটি জমি নিয়ে স্থানীয় মসজিদ ও কবরস্থান কর্তৃপক্ষ এবং পাশ্ববর্তী পিপুলিয়া গ্রামের মোজাহার উদ্দিন খান বাদলের সঙ্গে বিরোধ চলে আসছিল। প্রায় পাঁচ মাস আগে প্রশাসন ওই জমির ওপর নির্মিত স্থাপনা ভেঙে ফেলে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সোমবার দুপুর ১২ টার দিকে পুলিশ ও অর্ধ-শতাধিক শ্রমিক নিয়ে বলড়া বাজারে যান এবং ভেঙে রাখা স্থাপনাগুলো সরিয়ে ফেলতে শুরু করেন।
এ সময় মসজিদ কমিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমান তোতা মিয়াসহ স্থানীয় লোকজন বাধা দেন। বাধা উপেক্ষা করে পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা তাদের কাজ চালাতে থাকলে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও শ্রমিকদের ওপর হামলা চালায়। একটি গাড়িও ভাংচুর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ তিন রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে ও একটি টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করে।
মোজাহার উদ্দিন খান বাদল মিয়া জানান, প্রায় ৪০ বছর আগে জেলা প্রশাসন থেকে তিনি বলড়া বাজারের ৫৭ শতাংশ সরকারি জমি ইজারা নেন। গত কয়েক বছরে সেখানে থেকে সাত শতাংশ জমি দখল করে স্থানীয় লোকজন স্থাপনা নির্মাণ করে। মাস ছয়েক আগে প্রশাসন ওইসব স্থাপনা ভেঙে দেয়। সোমবার স্থাপনাগুলো সরিয়ে ফেলতে গেলে এ সহিংস ঘটনা ঘটে।
মসজিদ কমিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমান তোতা মিয়া ও যুগ্ম সম্পদক খোরশেদ আলমসহ স্থানীয় লোকজন জানান, বিরোধপূর্ণ জমিটা মোজাহার উদ্দিন বাদল তার ইজারা নেওয়া সম্পত্তি দাবি করলেও তা মূলত মসজিদ ও কবরস্থানের। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।
তিনি দাবি করেন, জমি থেকে ভেঙে ফেলা স্থাপনা সরিয়ে নেওয়ার সময় মসজিদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তখন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) এরশাদ আহসান মসজিদ কমিটির কর্মকর্তাদের লাঞ্ছিত করেন। আর এতে লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24