সাভার, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটাইয়ের গুজবে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) সোমবার আমরা এ্যাপারেলস্ লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাংচুর করেছে শ্রমিকরা। এক পর্যায়ে তারা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ এবং ৪/৫টি গাড়িও ভাংচুর করে।
ঘটনার সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও লাঠিচার্জে পুলিশ কর্মকর্তাসহ শতাধিক শ্রমিক আহত হন। এদের মধ্যে অন্তত ২০ জন পুলিশ সদস্য। তাদের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ ও ফাঁকা গুলি বর্ষণ করে। বর্তমানে ডিইপিজেড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নজমুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আশুলিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, পুলিশের উপর হামলার অভিযোগে মনিরা, জোসনা ও সালমা নামের তিন মহিলা শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে আছেন- আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, উপ-পরিদর্শক শাহীন পারভেজ ও হাফিজ উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক কবীর হোসেন, কনস্টেবল আফজাল হোসেন, আবুল কালাম আজাদ, কারখানার নিরাপত্তা রক্ষী জালাল আহম্মেদ, উৎপাদন কর্মকর্তা কবীর হোসেন, লাইন চিফ সুমন এবং শ্রমিক জিয়াউল হক ও আবুল কালাম আজাদ। তাদের বেপজা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সহকারী উপ-পরিদর্শক কবীর হোসেন জানান, সকাল ১০ টার দিকে ডিইপিজেডের নতুন জোনে অবস্থিত জিন্স প্যান্ট তৈরির প্রতিষ্ঠান আমরা এ্যাপারেলস্ লিমিটেডের উৎপাদন কর্মকর্তা (পিএম) কবীর হোসেন কারখানার তৃতীয় তলায় গেলে শ্রমিকরা কলাপসিবল গেইট বন্ধা করে দেয় এবং তাকে মারধর করে।
শ্রমিকরা আগে থেকে কারখানায় উপস্থিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামসহ প্রায় ২৫জন পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। এ সময় তারা কারখানার একটি কক্ষে বসেছিলেন। বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের আটকে ১৫/১৬ টি আগুন নিবাপক যন্ত্রের (গ্যাস বোতল) গ্যাস ছেড়ে দেয়। এ সময় ওসির নির্দেশে শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য তিন রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়।
এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ৬ষ্ঠ তলা পর্যন্ত জানলা দরজার কাচ, আসবাপত্র ও কম্পিউটার ভাংচুর এবং হিসাবরক্ষকের কক্ষে ঢুকে লুটপাট চালায়। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আধ ঘণ্টাব্যাপী এই ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হন।
সকাল সোয়া ১১টার দিকে শ্রমিকরা ডিইপিজেডের নতুন জোনের সামনে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে। তারা ৪/৫টি গাড়িও ভাংচুর করে। আধ ঘণ্টা ধরে অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে আর্মড ব্যাটেলিয়ন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিপু, জুয়েলসহ কারখানার কয়েকজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে কাজে যোগ দেওয়ার পর তারা জানতে পারেন আজ (সোমবার) অনেক শ্রমিককে ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছেন কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হামলা ও ভাংচুর করে।
তারা দাবি করেন, এর আগে কর্তৃপক্ষ কয়েক দফায় ১০৪ জন শ্রমিককে ছাঁটাই করেছে। পুরনো শ্রমিকরা নাকি কারখানায় অসন্তোষ সৃষ্টি করে। তাই কর্তৃপক্ষ পুরনো শ্রমিকদের ছাঁটাই করে নতুন শ্রমিক নিয়োগ দেবে।
আমরা এ্যাপারেলস্ লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) আমিনুল ইসলাম রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন মাস আগে আমি এ কারখানায় যোগ দিয়েছি। এর আগে শ্রমিকদের যন্ত্রণায় ৪/৫ জন মহাব্যবস্থাপক কারখানা ছেড়েছেন।"
তিনি আরও বলেন, "শ্রমিকরা যে হামলা চালাবে তা বুঝতে পেরেই আগে থেকে পুলিশ এনে রেখেছিলাম। শ্রমিকরা পরিকল্পিতভাবেই এ হামলা চালায়।"
ছাঁটাইয়ের প্রস্তুতি বিষয়ে শ্রমিকদের দাবির ব্যাপারে তিনি বলেন, "এটি স্রেফ গুজব। শ্রমিকরা এর কোন প্রমাণ দেখাতে পারবে না।"
তবে আগে থেকে কি কারণে পুলিশ আনা হয়েছে এবং শ্রমিকরা হামলা চালাবে- এ ধরনের ধারণা করার কারণ জানতে চাইলে তিনি নিরত্তর থাকেন।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর মহাব্যবস্থাপক (জিএম) এস এম আবদুর রশিদ জানান, কি কারণে শ্রমিকরা এ হামলা চালিয়েছে তা তদন্ত করে বের করা হচ্ছে। এছাড়া এ হামলায় নেতৃত্ব দানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, হামলায় নেতৃত্বদানকরী শ্রমিক রাশেদা, বিষ্ণু, তানজিলা, রাহাত, শরিফুল ও বেলালকে সনাক্ত করা হয়েছে। বাকিদের সনাক্তের পর মামলা দায়ের করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৬ ঘ.
bdnews24