ঝিনাইদহ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে শনিবার রাতে রেজাউল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের ভাষ্যমতে নিহত রেজাউল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) জনযুদ্ধ গ্র"পের আঞ্চলিক নেতা। পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। তিনি চণ্ডীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল জানান, শনিবার পুলিশ রেজাউলকে তার শ্বশুরবাড়ি লক্ষ্মীকোল গ্রাম থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র ও বোমা উদ্ধারের জন্য তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ। রেজাউল পুলিশকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। রাত সোয়া ৩ টায় চণ্ডীপুর গ্রামের একটি কলা ক্ষেতে নিয়ে এসে একটি ব্যাগ থেকে দুটি বোমা বের করে পুলিশের দিকে ছুঁড়ে মারার ভয় দেখায়।
এক পর্যায়ে কলা বাগানের ভিতর থেকে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে। এ সময় পালাতে গিয়ে ক্রসফায়ারে রেজাউল হাতে-পায়ে গুলিবিদ্ধ হন। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, নিহত রেজাউল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) এর আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে ৭টি বোমা হামলার মামলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24