পটুয়াখালী, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পয়লা বৈশাখ বাঙালির ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে এলেও বাউফল উপজেলার গাজী পরিবারের কাছে দিনটি দুঃসহ স্মৃতি ছাড়া আর কিছুই নয়। সাত বছর আগে এই দিনে তরতাজা তিন সন্তান হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি।
২০০১ সালের পয়লা বৈশাখ সকালে রমনার বটমূলে বোমা হামলায় যে ১০ জন মারা যান তার মধ্যে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া গ্রামের গাজী পরিবারের তিন সদস্যও ছিলেন। নিহত হয় পরিবারটির তিন ভাইয়ের তিন সন্তান মামুন গাজী (১৭), রিয়াজ গাজী (১৬) ও শিল্পী আকতার (১৫)।
মামুনের বাবা কাশেম গাজী, রিয়াজ গাজীর বাবা শামসুল হক গাজী ও শিল্প আকতারের বাবা হাশেম গাজী।
মামুনের মা নূরজাহান বেগম অশ্র"রুদ্ধ কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০১ সালে শিল্পী এসএসসি পাশ করে স্থানীয় আবদুর রশীদ মিয়া ডিগ্রী কলেজে ভর্তি হয়। ভর্তি হয়েই ঢাকায় চাচা শামসুল হক গাজীর মোহাম্মদ পুরের বাসায় বেড়াতে যায়। সঙ্গে যায় চাচাতো ভাই মামুন। সেখানে অপর চাচাতো ভাই রিয়াজ আগে থেকেই বাবার ব্যবসা দেখাশুনা করতো।"
তিনি জানান, সংস্কৃতিমনা শিল্পীর ইচ্ছাতেই মামুন, রিয়াজসহ তারা পয়েলা বৈশাখ খুব সকালে উঠে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে যায়। সকাল আটটার দিকে ঘাতকের বোমা হামলার শিকার হন তিন ভাই-বোন। ঘটনাস্থলেই মারা যায় মামুন ও রিয়াজ।
মামুনের বড় ভাই মাসুদ গাজী তখন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি বলেন, "বোমা হামলার সংবাদে আমরা উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকি মামুন, রিয়াজ ও শিল্পীকে। বিকেল তিনটার দিকে মামুন আর রিয়াজের ক্ষতবিক্ষত দেহ খুঁজে পাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রাতে গুরুতর আহত শিল্পীকে পাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে।"
তিনি জানান, ময়না তদন্ত শেষে পরদিন ১৫ এপ্রিল দুই চাচাতো ভাইয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় বাউফলের গ্রামের বাড়িতে। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। তার মা শোকে জ্ঞান হারিয়ে ফেলেন। মৃত্যুর সঙ্গে লড়ে বোমা হামলার ১৪ দিন পর পরাজিত হন শিল্পী। তাকে দাফন করা হয় দু'ভাইয়ের পাশে।
স্নেহের ছোট ভাই মামুন আর চাচাতো ভাই-বোন রিয়াজ ও শিল্পীর লাশ বহন করার স্মৃতি এখনো কাঁদায় মাসুদ গাজীকে।
সাত বছর পরও ছেলের কথা বলতে বলতে মামুনের মা কেঁদে উঠেন। বেড়াতে বের হওয়ার আগে মামুনের বলা কথা মনে করে এখনো কেঁদে বুক ভাসান নূরজাহান বেগম। আদরের সন্তানদের হারিয়ে বৃদ্ধ কাশেম গাজী, হাশেম গাজী ও শামসুল হক গাজীও বুক ভাসায় চোখের জলে। সন্তানরা মারা যাওয়ার পর তিন ভাই এখন আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছেন। ওই তিনজনের কথা বলতে গেলে বাকরুদ্ধ হয়ে পড়েন তিন ভাই।
নিহতদের পরিবারের শুধু জানে সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার কোন অগ্রগতি হয়েছে কিনা বা ঘাতকরা আদৌ শাস্তি পাবে কিনা সে বিষয়ে তারা কিছুই জানে না।
মাসুদ গাজী বলেন, "মামলা হয়েছে জানি। কিন্তু এর পর কি হয়েছে তা জানি না। আমরা চাই ঘাতকদের শাস্তি হোক। সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এটাই আমরা আশা করি।"
পটুয়াখালীর উদীচীর সাধারণ সম্পাদক নাসরিন মোজাম্মেল এমা বলেন, পটুয়াখালীর সাংস্কৃতিক কর্মীরা রমনা বটমূলের বোমা হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএআর/এমএসবি/এমএইচবি/২০৩৬ ঘ.
bdnews24