মৌলভীবাজার, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জ উপজেলার কলেজ রোডে শনিবার রাতে গণ মহাবিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল ইসলামের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা গৃহকর্মী ও তাকে বেঁধে রেখে সোনার গহনা, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন সেটসহ বেশ কিছু মালামাল লুট করে।
নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত তিনটার দিকে তার বাসায় ৮/১০ জনের ডাকাত দল হানা দেয়। রান্নাঘরের দরজা ভেঙে মুখোশধারী ছয় ডাকাত ঘরে ঢোকে। তাদের হাতে লাঠিসোটা ও দা ছিল।
তিনি জানান, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তিনি ঘুম থেকে জেগে উঠলে ডাকাতরা তাকে মারপিট করে বেঁধে ফেলে এবং আলমারির চাবি দিতে বলে। এরপর তাকে বাথরুমে আটকে রাখে। বাসার সবকিছু তছনছ করে এবং আলমারি খুলে ২২ ভরি সোনার গহনা, নগদ ৩ হাজার টাকা ও দুটি মোবাইল সেট নিয়ে সরে পড়ে।
নুরুল ইসলাম আরও জানান, লুটপাটের সময় ডাকাতরা গৃহকর্মীকে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। সকালে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। ঘটনার রাতে নুরুল ইসলামের স্ত্রী ঢাকায় অবস্থান করছিলেন।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৫২ ঘ.
bdnews24