২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতা বোঝাই ছয়টি ট্রাক আটক-সংবাদের প্রতিবাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশিত এবং চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে ৯ এপ্রিল প্রকাশিত 'ডিইপিজেড থেকে পাচারকালে সুতা বোঝাই ছয়টি ট্রাক আটক' শীর্ষক খবরের প্রতিবাদ করেছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) 'শাশা ডেনিমস লি.'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশিত এবং চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে ৯ এপ্রিল প্রকাশিত 'ডিইপিজেড থেকে পাচারকালে সুতা বোঝাই ছয়টি ট্রাক আটক' শীর্ষক খবরের প্রতিবাদ করেছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) 'শাশা ডেনিমস লি.'। ৭ এপ্রিল পরিবেশিত ওই খবরে বলা হয়, 'সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি কারখানা থেকে জিন্স তৈরির সুতা পাচারকালে ৬টি ট্রাক আটক করেছে পুলিশ। শাশা গর্মেন্টস থেকে পাচারকালে সুতাসহ ট্রাকগুলো ডিইপিজেড ফটকে আটক করা হয়।' আশুলিয়া থানার উপপরিদর্শক শাহীন পারভেজের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, 'মালগুলো কারখানা থেকে বের করে ঝুুট ব্যবসায়ী রওশনের জামগড়া এলাকার শিমুলতলী গুদামে নিয়ে যাওয়া হচ্ছিল। দুই প্রভাবশালী ঝুট ব্যবসায়ী মিলন ও রওশন ট্রাকগুলো থানা থেকে ছাড়িয়ে নিতে এসেছিল। কিন্তু তারা এগুলোর কোনো বৈধ কাগজ দেখতে পারেননি।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে পাঠানো শাশা ডেনিমস লিমিটেডের প্রতিবাদপত্রে বলা হয়েছে, 'ডিইপিজেডের যে কোনো মিল ও কারখানা থেকে বর্জ্য বাইরে নিতে হলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা) ও শুল্ক কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। এই দুই কর্তৃপক্ষের অনুমতিপত্র বেপজা নিরাপত্তারক্ষীকে দেখানোর পর তা সরেজমিনে যাচাই করে ট্রাক বাইরে যেতে দেওয়া হয়। এক্ষেত্রে কারখানা থেকে বর্জ্য বের করার নামে সুতা পাচারের প্রশ্নই আসে না।' এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক শাহীন পারভেজ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, "৭ এপ্রিল রাতে ট্রাকগুলো আটক করার সময় পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা। তাই সোমবার সারারাত এবং মঙ্গলবার সারাদিন ট্রাকগুলো আশুলিয়া থানা হেফাজতে ছিল। মঙ্গলবার বিকেলে কারখানা কর্তৃপক্ষ কাগজপত্র নিয়ে এলে আমরা ট্রাকগুলো ছেড়ে দিই।" মূলত অনুগামী সংবাদ পরিবেশন না করার কারণে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশিত মূল খবরটি যেকোনো মানদণ্ডে সঠিক ও অভ্রান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/জিএনএ/১৮২০ ঘ.