চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে পাইকারি ও খুচরা বাজারে চালের দামের পার্থক্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হোসাইন জামিল।
শুক্রবার খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, "পাইকারি বাজারে চালের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব দেখা যায়নি। পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে প্রতি কেজি চালের দামে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত তফাৎ পাওয়া গেছে।"
খুচরা ব্যবসায়ীরা দামের পার্থক্য থাকার বিষয়টি অস্বীকার করেন। বিভিন্ন পণ্যে প্রতি কেজিতে তারা এক টাকা থেকে পঞ্চাশ পয়সার বেশি লাভ করেন না বলেও দাবি করেন।
সার্কিট হাউসে জেলা প্রশাসক আশরাফ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা খুচরা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিভিন্ন পণ্যের দাম নিয়ে আলোচনা করেন। তবে নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের চেয়ে চাল নিয়েই কথা হয়েছে বেশি ।
খুচরা বাজার পরিদর্শনের কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, "পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম দুই থেকে পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এই ব্যবধানে আমি সন্তষ্ট নই। সাধারণ মানুষ যাতে সহনীয় দামে পণ্য কিনতে পারে সেই দিকটিও ব্যবসায়ীদের বিবেচনা করতে হবে।"
পুলিশ সুপার কামরুল আহসান বাজার পরিস্থিতি তুলে ধরে বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পাইকারি ও খুচরা বাজারে ৩-৮ টাকা ব্যবধান দেখা গেছে।"
খুচরা ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা চাল বিক্রেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করতে প্রশাসনের প্রতি দাবি জানান।
চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলী দোকানে মালামাল ক্রয়-বিক্রয়ের রশিদ পরীক্ষা করার আহবান জানান। তিনি বলেন, "রশিদ পরীক্ষা করলে বাস্তবে ব্যবধান কত তা বোঝা যাবে।"
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন যৌথবাহিনীর পক্ষে মেজর মাহমুদুল হাসান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। এছাড়া নগরীর বিভিন্ন বাজার কমিটি ও খুচরা ব্যবসায়ীরাও সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৫৫৫ ঘ.
bdnews24