ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক নেতারা অভিযোগ করেছেন, সরকারের ষড়যন্ত্রের কারণে বারবার পেছাতে হচ্ছে শিক্ষক সমিতির নির্বাচন। ষড়যন্ত্র করে নির্বাচন পণ্ড করে দেওয়ার এই চর্চাটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও ঘটতে পারার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
বৃহস্পতিবার সমিতির কার্যকরী পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, "একটি বিশেষ মহল বারবার ষড়যন্ত্র করে নির্বচন হতে দিচ্ছে না। শিক্ষকরা এর বিপক্ষে আইনি লড়াই চালিয়ে যাবেন।"
তিনি জানান, এ নিয়ে পঞ্চমবারের মতো শিক্ষক সমিতির নির্বাচন পিছিয়ে গেল। নিয়মানুযায়ী প্রতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী এ বছরের ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। পরে তা পিছিয়ে ৩১ ডিসেম্বর, সেখান থেকে ৪ মার্চ, তারপর ২৭ মার্চ ও সর্বশেষ ১২ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
কয়েকটি ধার্য তারিখে নির্বাচন না হওয়ার কারণগুলো তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। জানান, গত ৯ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। সে আবেদনের কোনও জবাব না পেয়ে ২১ জানুয়ারি তাগাদা দিয়ে আরেকটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিরই জবাব দেওয়া হয় ২৬ মার্চ। ২৭ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের ১৮ ঘণ্টা আগে চিঠিটি শিক্ষক সমতিরি নেতাদের কাছে পৌঁছায়। এরপর সরকারের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন স্থগিত করা হয়।
নির্বাচন স্থগিত করার পেছনে ২৫ মার্চ রাতে যৌথবাহিনীর কয়েকজন সদস্যের শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক অধ্যাপক ডালেম চন্দ্র বর্মনের বাসায় গিয়ে চাপ সৃষ্টির অভিযোগ তিনি আবারও উল্লেখ করেন।
অধ্যাপক আনোয়ার জানান, গত ৩ এপ্রিল সরকার নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেয়। কিন্তু কয়েকদিন পর ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্রের দায়ের করা মামলায় আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেয়। বৃহস্পতিবার শুনানি শেষে স্থগিতাদেশ বহাল রাখে আদালত।
তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন একটি সাধারণ বিষয়। এই নির্বাচন নিয়ে যদি এতো ষড়যন্ত্র হয় তবে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কী হবে সকলের একবার চিন্তা করা দরকার।"
ছাত্রটির ওই মামলা মোকাবেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন অধ্যাপক আনোয়ার। তিনি বলেন, উপাচার্য শিক্ষক সমিতিকে না জানিয়েই আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা ফাইল করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এরকম আচরণের কারণ জানতে চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কার্যকরি পরিষদের সভায়।
সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন বলেছেন, "শিক্ষকরা এখন আইনি লড়াইয়ের পক্ষে অবস্থান নিয়েছে।"
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "বিভিন্ন পেশাজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। ব্যবসায়ী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাহলে এই নির্বাচনে সমস্যা কোথায় সেটা শিক্ষকরা বুঝতে পারছে না।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক তাজমেরি এসএ ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২৩১১ ঘ.
bdnews24