২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলাবাজারের চাল না পেয়ে সড়ক অবরোধ, আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৫

খোলাবাজারের (ওএমএস) চাল না পেয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বৃহস্পতিবার কয়েক হাজার মানুষ সড়ক অবরোধ করে। বিডিআর এর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে চাল দেওয়ার ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলাবাজারের (ওএমএস) চাল না পেয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বৃহস্পতিবার কয়েক হাজার মানুষ সড়ক অবরোধ করে। বিডিআর এর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে চাল দেওয়ার ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। কুড়িগ্রামের উলিপুরের গুণাইগাছ এলাকায় ওএমএস-এর চাল নিতে আসা মানুষের ভিড় সামলাতে লাঠিচার্জ করা হলে বিক্ষুদ্ধরা পুলিশকে ঘেরাও করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খোলাবাজারের (ওএমএস) চাল আত্মাসাতের অভিযোগে কুড়িগ্রাম শহরের এক ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তার তিনভাইসহ পাঁচ সহযোগীকে। ডিলার ও এই পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিলার হজরত আলী বর্তমানে পলাতক। চাঁপাইনবাবগঞ্জে খোলাবাজারে চাল নিতে আসা মানুষের লাইন প্রতিদিন দীর্ঘ হচ্ছে। কিন্তু চাল না পেয়ে ফিরতে হচ্ছে অনেককেই। এদিকে, নাটোরে স্থানীয় চাল ব্যবসায়ীরা দরিদ্র ও নিু আয়ের মানুষের জন্য প্রতি কেজি চাল ২৪ টাকা ৫০ পয়সা দরে খোলাবাজারে বিক্রি শুরু করেছে। বোরো ধান বাজারে আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, ফুলবাড়ী উপজেলার নিমতলায় বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে ওএমএস এর চাল বিক্রয় কেন্দ্রগুলোতে চাল শেষ হয়ে গেলে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার লোক বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। পরে তারা নিমতলা মোড়ে সড়ক অবরোধ করে। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী ও বিপরীত দিক থেকে আসা দিনাজপুরমুখী অসংখ্য যানবাহন সড়কের দুই দিকে আটকা পড়ে। খবর পেয়ে ৪০ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান ভূঁইয়া ঘটনাস্থলে পৌছে লোকজনকে চাল দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। কুড়িগ্রাম প্রতিনিধি সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক শহিদুল ইসলামের বরাত দিয়ে জানান, শহরের সবুজপাড়া (শিল্প-কলা একাডেমি মোড়) এলাকার ওএমএস ডিলার হজরত আলীর দোকানে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে বরাদ্দের ১ হাজার ২০ কেজি চালের থেকে ১ হাজার ১০ কেজি চাল ২৯০ জনের কাছে বিক্রির তালিকা তৈরি করে বিক্রি শেষ দেখানো হয়। এরপর ওই দোকান থেকে ৩ থেকে ৫ কেজি করে চালভর্তি ১৩টি ব্যাগে প্রায় ৪৮ কেজি চাল অন্যত্র সরানোর সময় চাল বিক্রি তত্ত্বাবধানকারী পাঁচগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার আহমদ পুলিশকে জানান। পুলিশ হাতেনাতে চালসহ ডিলারের ভাই রউফ (৩০), রফিক (২৮), রাকিব (২৫) এবং বীরেন্দ্র (৪০) ও আব্দুল খালেক (২৮) নামের পাঁচজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আনোয়ার আহমদ থানায় একটি মামলা করেছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর ছিদ্দিক জানান, ডিলার হজরত আলীর ডিলারশীপ বাতিল করা হয়েছে। উলিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রফিক জানান, গুনাইগাছ এলাকার ওএমএস ডিলার মকবুল হোসেনের দোকানে চালের জন্য সকালে ১ হাজার ২শ'র মতো মানুষ লাইনে দাঁড়ায়। চাল দেওয়া শুরু হলে কে কার আগে নিবে এনিয়ে হুড়াহুড়ি ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করে। এতে এক কিশোরসহ কয়েকজন মহিলা আহত হন। পুলিশের লাঠিপেটায় ক্ষুব্ধ হয়ে লোকজন পুলিশকে ঘেরাও করে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের বরাত দিয়ে জানান, জেলায় মোট ৫৮ জন ডিলারের মাধ্যমে একদিন পর পর চাল দেওয়া হচ্ছে। আর একদিনের জন্য একজন ডিলারকে ১ হাজার ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ২৬ জন ডিলার। জেলার চারটি উপজেলা সদরে আছেন ৩২ জন। তবে গ্রামে কোনো ওএমএস কেন্দ্র খোলা হয়নি। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চালের জন্য ডিলারের দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে কয়েক হাজার মানুষ। সদর হাসপাতাল রোডের একটি ওএমএস কেন্দ্রে চাল নিতে এসে না পেয়ে কাঁদতে কাঁদতে ফিরে যেতে দেখা গেছে অনেককেই। এদের একজন মসজিদপাড়ার গোলাপী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি মেসে রান্না করেন। রান্নার কাজ শেষ করে ১২টার দিকে এসে চাল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আনিসুজ্জামান জানান, এবার ৫৮ টা ওএমএস কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু গত বছর এ সময় ১৫১ টা কেন্দ্র খোলা হয়েছিল। ৩০ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে প্রয়োজনে সময় বাড়ানো হবে। তিনি জানান, বাজারে যেন ব্যবসায়ীরা অস্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে ধান চাল ও গমের সংকট ও মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য জেলার প্রতিটিই বড় হাট মনিটরিং করার জন্য টিম গঠন করা হচ্ছে। গত ৭ এপ্রিল যৌথবাহিনীর স্থানীয় ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল শরীফ, জেলা প্রশাসক সিরাজুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন কর্মকর্তাদের বৈঠকে হাট মনিটরিং করার সিদ্ধান্ত হয়। বাজার স্থিতিশীল রাখতে যৌথবাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চলছে। আনিসুজ্জামান আরও জানান, গ্রামের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কাজের বিনিময়ে টাকা-কাবিটা কর্মসূচি শিগগিরই শুরু করা হবে। ৪৭০টি প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ইতোমধ্যে এ কর্মসূচিতে ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। নাটোর প্রতিনিধি জেলা চাল ব্যবসায়ী সমিতির সভাপতি আলেম চৌধুরীর বরাত দিয়ে জানান, সীমিত আয়ের মানুষের খাদ্য কেনার দুর্দশা লাঘবে বৃহস্পতিবার থেকে জেলার প্রতিটি উপজেলায় প্রতি কেজি চাল সাড়ে ২৪ টাকায় বিক্রি করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্র থেকে প্রতিদিন মাথাপিছু ৩ কেজি করে ৫'শ কেজি চাল বিক্রি করা হবে। সকাল ১০টায় শহরের জেলা পরিষদ মিলনায়তন চত্ত্বরে জেলা প্রশাসক এসএম এহসান কবীর ও স্থানীয় সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল রকিবুল হক এই কার্যক্রমের উদ্বোধন করেন। গত ৮ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর সঙ্গে স্থানীয় চাল ব্যবসায়ীদের আলোচনায় সর্বনিম্ন দরে চাল বিক্রির এই সিদ্ধান্ত হয়। স্থানীয় সেনা ক্যাম্প থেকে খবরের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, দেশের অন্য সব চাল ব্যাবসায়ীরা এই কার্যক্রম অনুসরণ করবে বলে তারা আশা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৪০ ঘ.