ঢাকা, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও নারায়ণগঞ্জে খোলা বাজারে বিক্রির জন্য প্রতি ওএমএস দিবসে চালের বরাদ্দ ২১০ টন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ দুই জেলায় এখন থেকে প্রতি ওএমএস দিবসে বিক্রি হবে ৬৩১ টন চাল। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫৮৬ টন ও নারায়ণগঞ্জে ৪৫ টন বিক্রি হবে। আগে দুই জেলায় ৪২১ টন করে চাল বিক্রি হতো।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব সরোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এবং বিডিআর কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
এর আগে সকালে প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জে বেশ কয়েকটি ওএমএস এর দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
একজন ঊচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিলাররা প্রতি ওএমএস দিবসে এক মেট্রিক টন করে চাল বিক্রি করছেন। পরিবার প্রতি ৫ কেজি হিসেবে প্রতিদিন চাল পাচ্ছেন মাত্র দুইশ লোক। অথচ প্রতিদিনই ৩/৪শ' লোক সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চালের জন্য অপেক্ষা করেন। শেষ পর্যন্ত চাল না নিয়েই ফিরতে হয় অনেককে। আর ৫ কেজি চালের জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বলে অনেকেরই ওইদিন আর কোনো কাজ করতে পারেন না। নারায়ণগঞ্জের ওএমএস দোকানের ক্রেতারা এ বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন।
এরপর ঢাকায় ফিরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে চালের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া চাল বিক্রির জন্য ওএমএস কাউন্টার বাড়ানোরও নির্দেশ দেন তিনি।
সরকার ঢাকা ও নারায়ণগঞ্জে মোট ৮৮৪জন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/জেকে/এমএ/১৮২৩ঘ.
bdnews24