২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবিখা'তে বরাদ্দ খাদ্য সামগ্রী ১৫ এপ্রিলের মধ্যে বিতরণের নির্দেশ

কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির অধীনে বরাদ্দ করা খাদ্য সামগ্রী আগামী ১৫ এপ্রিলের মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত খাদ্য সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির অধীনে বরাদ্দ করা খাদ্য সামগ্রী আগামী ১৫ এপ্রিলের মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত খাদ্য সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ কাজ শেষ না হলে বা কোনো খাদ্য সামগ্রীর অপচয় অথবা অপব্যবহার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। সরকার ঠিক সময়ে আমদানির উদ্যোগ না নেওয়ায় খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধি হচ্ছে- এ অভিযোগ অস্বীকার করে মোল্লা ওয়াহিদুজ্জামান বলেন, "এ ধারণা একেবারেই ভুল, কারণ দেশের মোট আমাদানি করা খাদ্য সমগ্রীর মাত্র তিন থেকে চার শতাংশ সরকারি ব্যবস্থাপনায় হয়।" তিনি জানান, সরকারের আমদানি করা খাদ্য সামগ্রী দিয়ে মূলত ভিজিএফ, ভিজিডি, টিআর ও কাবিখা কর্মসূচি চালানো হয়। এ কারণে অভ্যন্তরীণ বাজার থেকেও ধান-চাল সংগ্রহ করে সরকার। বর্তমান অবস্থার জন্য সরকার না বেসরকারি আমদানিকারকরা দায়ী- এ প্রশ্নের জবাবে সচিব বলেন, "দেশে বর্তমানে খাদ্যের কোন সংকট নেই, রয়েছে মূল্যবৃদ্ধি। আর ১৯৯৩ সাল থেকে দেশের খাদ্য চাহিদার সিংহভাগ আমদানি করা হয় বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে। তাই ব্যবসায়ীরা এর দায় এড়াতে পারেন না। তবে এক্ষেত্রে সরকারেরও কিছু দায়িত্ব রয়েছে।" খাদ্যের মজুদ সম্পর্কে তিনি জানান, দেশে বর্তমানে তিন মাসের মজুদ আছে। ভারত থেকে এক লাখ মেট্রিকটন চাল আসছে। বেসরকারি খাতে আরো ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানির প্রক্রিয়া চলছে। এছাড়া ভারত থেকে আরো চার লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। তিনি জানান, চলতি মৌসুমে এক লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র দেড় হাজার মেট্রিকটন। এছাড়া এ মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১২ লাখ টন। কিন্তু দুই দফা বন্যা ও সিডরের আঘাতের কারণে মাত্র ছয় লাখ টন চাল সংগ্রহ করা সম্ভব হবে। খাদ্য পরিস্থিতি ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির ব্যাখ্যা করে মোল্লা ওয়াহিদ বলেন, "সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নয় লাখ ৫১ হাজার ৬৭৮ মেট্রিকটন খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল সাত লাখ সাত হাজার ৮৬০ মেট্রিক টন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএ/১৮৪৭ঘ.