ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা ট্রেন চলাচল চুক্তি বৃহস্পতিবার দুপুরে স্বাক্ষর হয়েছে। এর ফলে প্রায় ৪৩ বছর পর আগামী ১৪ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন সার্ভিস আবারো চালু হচ্ছে।
১৯৬৫ সালের মার্চ মাসে ঢাকা ও কলকাতার মধ্যে সর্বশেষ যাত্রীবাহী ট্রেন চলেছিল।
যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের পক্ষে যোগাযোগ সচিব ড. মুহম্মদ মাহবুবুর রহমান ও ভারতের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুই দেশের প্রতিনিধি এ মুহূর্তটিকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন।
পিনাক রঞ্জন বলেন, "দুই দেশের দীর্ঘদিনের ঐকান্তিক চেষ্টার পর এ চুক্তি স্বাক্ষরিত হলো। গতরাতে (বুধবার) আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ চুক্তির অনুমোদন দিয়েছেন। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ায় এ অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরা যোগাযোগের উপর জোর দিয়েছি; যোগাযোগ ছাড়া উন্নয়ন সম্ভব নয়।"
ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ভিসা দেওয়ার ব্যাপারে আমরা তৎপর। আমাদের লোকজন শুক্র-শনিবারেও কাজ করেন। তবে আমাদেরও কিছুটা সীমাবদ্ধতা আছে। তা দূর করার চেষ্টা চালাচ্ছি।"
ড. মুহম্মদ মাহবুবুর রহমান বলেন, "বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় এ চুক্তি স্বাক্ষরিত হলো। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় ট্রেন চলাচল চালু হলো। একই সঙ্গে অতীতের সকল সম্ভবনাগুলো এখন পুনরুজ্জীবিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে শুধু দু'দেশেরই নয়, এ অঞ্চলের দেশগুলোরও উন্নয়ন হবে।"
তিনি জানান, ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় ক্যান্টনমেন্ট রেল ষ্টেশন থেকে একটি ট্রেন কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। একই দিন কলকাতা থেকে আরেকটি ট্রেন সকাল সাড়ে ৭টায় ছেড়ে আসবে।
যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চুক্তিটি তিন বছর মেয়াদি। তবে এটি আবারও নবায়ন করার বিধান রাখা হয়েছে।
এ ছাড়া তিন মাসের নোটিশে চুক্তি বাতিলের বিধানও রাখা হয়েছে। তিন বছরের মধ্যে যদি প্রয়োজন হয় তবে দুই সরকারের প্রতিনিধিরা বৈঠক করে চুক্তি সংশোধন করতে পারবেন।
ঢাকা থেকে কলকাতা যেতে আগ্রহীদের কাছে টিকিট বিক্রি করতে কমলাপুর স্টেশনে একটি বুথ স্থাপন করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ারকোচে প্রতি আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে এক পথে ১২ ডলার ও ৩০০ টাকা হারে ভ্রমণ কর এবং সেইসঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট)। এ ছাড়া শীতাতপনিয়ন্ত্রণ ছাড়া (নন এসি) আসনের ভাড়া আট ডলার এবং তার সঙ্গে একইহারে ভ্রমণ কর ও ভ্যাট দিতে হবে। স্লিপিং বার্থের ভাড়া হবে ২০ ডলার।
চুক্তিতে প্রথম তিন মাস এক ডলারের বিপরীতে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ভ্রমণ কর নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ট্রেনের এসি বার্থে ৩৬টি আসন ও এসি চেয়ারকোচে ৯০টিসহ মোট ৪১৮টি আসন থাকবে।
ইতোমধ্যেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রেনের ভেতর আটজন সশস্ত্র নিরাপত্তারক্ষী সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। এ ছাড়া ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে আর্চওয়ে অতিক্রম করতে হবে এবং সেসময় মেটাল ডিটেক্টর দিয়ে তাদের পণ্য ও দেহ তল্লাশি করা হবে।
চুক্তি মোতাবেক প্রাপ্তবয়স্ক যাত্রীরা ৩৫ কেজি ও অপ্রাপ্ত বয়সের যাত্রীরা ২০ কেজি পণ্য বহন করতে পারবেন। এর চেয়ে বেশি পণ্য বহন করলে বাড়তি মাশুল আদায় করা হবে।
বাংলাদেশ থেকে যে ট্রেন ভারত যাবে তাতে ৪১৮ জন ও ভারত থেকে আসা ট্রেনে ৩৬০ যাত্রী বহন করা যাবে। সপ্তাহে শনি ও রোববার দু'দেশের মধ্যে ট্রেন চলাচল করবে।
রাজস্ব ভাগ হবে দুরত্বের আনুপাতিক হারে। বাংলাদেশ প্রান্তে দুরত্ব ৩৭৫ কিলোমিটার ও ভারতের প্রান্তে ১২৫ কিলোমিটার হওয়ায় ৭৫ ও ২৫ আনুপাতিক হারে রাজস্ব বণ্টন হবে।
বাংলাদেশমুখী ট্রেন কলকাতার চিৎপুর থেকে সকাল সাড়ে সাতটায় ছাড়বে।
এর আগে গত বছরের জুলাইয়ে দুই দেশের মধ্যে ট্রেন চালুর বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। আগস্টে দুই দেশের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চলে। গত বছর রোজার সময় থেকেই নিয়মিত ট্রেন চালুর কথা থাকলেও সীমান্তের জিরো পয়েন্টে কাঁটা তারের খাঁচা বানানোসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা না হওয়ায় তা পিছিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/আরএ/এমএ/১৫৪২ঘ.
bdnews24