ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পটকা মাছ খেয়ে নরসিংদীর বেলাবো উপজেলায় দুই পরিবারের তিনজন মারা গেছে। আরও পাঁচজন অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতরা হলেন আমলাবো শাহপাড়া গ্রামের মনিরউদ্দীন খন্দকার (৫০) ও তার স্ত্রী হাজেরা বেগম (৪০) এবং বটেশ্বর গ্রামের কেরামত আলী (৭০)।
মৃত মনিরউদ্দীন খন্দকারের ছোট ছেলে অহিদুল্লাহ জানান, বুধবার বিকেল ৩টার দিকে তার বাবা স্থানীয় বটতলা বাজার থেকে পটকা মাছ কিনে আনেন। তা রান্না করে খাওয়ার পরই তার বাবা মনিরউদ্দীন, মা হাজেরা বেগম, বড়ভাই শহীদুল্লাহ (৩০), বড় ভাইয়ের স্ত্রী পাখি বেগম (২০) ও তার ছেলে শাওন (৩) অসুস্থ হয়ে পড়ে।
তিনি জানান, তারা প্রায় অচেতন হয়ে পড়েন ও বমি করতে থাকেন। এ অবস্থায় তার বাবা মনিরউদ্দীনকে বেলাবোর স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে তিনি মারা গেছে জানান চিকিৎসকরা। তার মাকে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর তিনিও বেঁচে নেই বলে চিকিৎসকরা জানান।
তাদের পাশের বটেশ্বর গ্রামের কেরামত আলীর বাড়িতেও পটকা মাছ খেয়ে কেরামত আলী, তার স্ত্রী জাহানারা বেগম ও পুত্রবধূ আফরোজা বেগম (২২) অসুস্থ হয়ে পড়েন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর কেরামত আলীর মৃত্যু হয়।
বটতলা বাজারের ওই মাছ বিক্রেতার কাছ থেকে আরও অনেকে এই মাছ কিনে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24