ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসতে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে প্রস্তাব দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সরকারের এক উপদেষ্টার কাছ থেকে আলোচনায় বসার প্রস্তাব পেয়েছি। আওয়ামী লীগের সঙ্গে যারা বৈঠক করেছিলেন আমাদের সঙ্গে তারাই বসতে চেয়েছেন। আমরা আলোচনায় বসবো।"
বৈঠকটি বুধবার হওয়ারও ইঙ্গিত দেন তিনি। তবে কোথায় হবে তা জানাতে অপারগতা জানান আনিসুল ইসলাম মাহমুদ।
এর আগে সোমবার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরসহ পাঁচ উপদেষ্টা অনানুষ্ঠানিক বৈঠক করেন। পরে বিএনপির দুই অংশকেও বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৭০৮ঘ.
bdnews24