২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নীতির কেন্দ্রবিন্দুতে এনে কৃষিখাতে বিনিয়োগ বাড়ানো দরকার: বাণিজ্য উপদেষ্টা

কৃষি খাতকে জাতীয় নীতির কেন্দ্রবিন্দুতে এনে এ খাতে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 11:14 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি খাতকে জাতীয় নীতির কেন্দ্রবিন্দুতে এনে এ খাতে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বাণিজ্য উপদেষ্টা বুধবার সকালে 'খাদ্য নিরাপত্তা এবং কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়ন' শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে তার অংশ নেওয়ার জন্য ব্র্যাক সেন্টারে যান। কিন্তু নির্ধারিত সময়ে বৈঠক শুরু না হওয়ায় সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দ্রব্যমূল্যের এ পরিস্থিতিতে দেশের খাদ্য নিরাপত্তার জন্য করণীয় জানতে চাইলে হোসেন জিল্লুর বলেন, "কৃষক ও কৃষি খাতকে জাতীয় নীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। আশির দশক থেকে কৃষিখাতে বিনিয়োগ কমেছে। এই খাতে বিনিয়োগ বাড়ানো যেতে পারে।" খাদ্য নিরাপত্তার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির পরামর্শ দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, "বোরো ধান মজুদের ব্যাপারে আমরা আলোচনা শুরু করেছি। এছাড়া খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির পরিমাণ এক লাখ টন পর্যন্ত বাড়ানো হয়েছে। বিতরণ কেন্দ্র বাড়ানো দরকার কি না তা যাচাই করে দেখা যেতে পারে।" চট্টগ্রাম সিটি করপোরেশনের মতো অন্যান্য স্থানীয় সরকারগুলোও ওএমএস কার্যক্রম চালু করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। নিম্ন আয়ের মানুষের মধ্যে কমদামে চাল পৌঁছে দেওয়ার জন্য মঙ্গলবার থেকে চট্টগ্রাম মহানগর এলাকায় চাল বিক্রি শুরু করেছে সিটি করপোরেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল