২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পূজামণ্ডপে হামলা, প্রতিমা ভাংচুর

বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় মঙ্গলবার রাতে একটি পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 07:53 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

বাগেরহাট, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় মঙ্গলবার রাতে একটি পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। মঙ্গলবার রাতের কোনও এক সময় ওই বাসন্তী পূজামণ্ডপে হামলা হয় বলে পূজা আয়োজন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পাল সাংবাদিকদের জানিয়েছেন। আগামী ১১ এপ্রিল মণ্ডপে বাসন্তি পূজা উদযাপনের কথা রয়েছে। বুধবার সকালে মণ্ডপে গিয়ে দেখা যায়, অসূর প্রতিমার মাথা চূর্ণ-বিচূর্ণ এবং বাসন্তি (দুর্গা) ও তার বাহন সিংহসহ বেশ কয়েকটি প্রতিমার কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। সুভাষ চন্দ্র পাল বলেন, "মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আমরা প্রতিমা নির্মাণ কাজ তদারকি করে বাড়িতে যাই। ভোরে স্থানীয় কয়েকজন গৃহবধূ মণ্ডপ চত্বরে এসে দেখেন প্রতিমা ভেঙে ফেলা হয়েছে।" এ ঘটনায় সুভাষ চন্দ্র পাল বাদি হয়ে বাগেরহাট সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বুধবার দুপুরে মামলা করেছেন। বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহীদুর রহমান ও বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান খান হাবিবুর রহমান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দোষীদের গ্রেপ্তাারসহ ক্ষতিগ্রস্ত প্রতিমা সংস্কার এবং যথাসময়ে পূজা অনুষ্ঠানে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। বুধবার দুপুর পর্যন্ত পুলিশ প্রতিমা ভাংচুরে জড়িত কাউকে চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি। তবে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। পুলিশ সুপার শহীদুর রহমান হামলাকারীদের খুঁজে বের করার আশ্বাস দিয়ে বলেন, "বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের এ ধরনের নাশকতামূলক কাজ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।" সনাতন ধর্মাবলম্বীদের কাছে বাসন্তী এবং দুর্গা মূলত একই দেবী। হিন্দু শাস্ত্রমতে, বসন্ত কালেই দুর্গা দেবীর পুজার প্রকৃত সময়। কিন্তু রামচন্দ্রের আরাধনায় শরৎকালে দেবীর অকাল বোধন হয়েছিল বিধায় প্রথাগতভাবে এ দেশে শারদীয় দুর্গোৎসব প্রথায় পরিণত হয়েছে। তবে শারদীয় দুর্গোৎসবের পাশাপাশি সীমিত পরিসরে হলেও বাগেরহাট জেলাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতি বছর বসন্তকালে দুর্গা বা বাসন্তী পূজা হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৮ ঘ.