২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় কামাল মজুমদারের স্ত্রীর আত্মসমর্পণ

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারের স্ত্রী সাহিদা মজুমদার আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারের স্ত্রী সাহিদা মজুমদার আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইলের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর সাহিদার আইনজীবী এমদাদ হোসেন বিচারকের কাছে জামিনের আবেদন জানিয়ে বলেন,"জরুরি আইনে দায়ের করা মামলায় সহযোগী আসামি মহিলা হলে তাকে জামিন দেওয়ার বিধান রয়েছে। তাছাড়া এ মামলায় সাহিদা মজুমদারের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি। সুতরাং তার জামিন দেওয়া যেতে পারে।" জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এএফএম গোলাম ফাত্তাহ আদালতকে বলেন,"আসামির বিরুদ্ধে অভিযোগের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া জামিন দেওয়া হলে তিনি পালিয়েও যেতে পারেন। আমি তার জামিনের আবেদন নাকচ করার জন্য আদালতের কাছে আবেদন করছি।" এরপর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার এ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। আসামিপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করা হয়। গত বছরের ২৪ সেপ্টেম্বর কামাল আহমেদ মজুমদার ও তার স্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোরশেদ আলম। এতে অভিযোগ করা হয়, কামাল মজুমদার জ্ঞাত আয় বর্হিভূতভাবে ১০ কোটি ২৩ হাজার ৩০৫ টাকার সম্পত্তি অর্জন করেছেন। তিনি এর মধ্যে সাত কোটি ১৯ লাখ ৫১ হাজার ৫৪৭ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। তার স্ত্রীর বিরুদ্ধে এসব সম্পত্তি অর্জনে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। কামাল মজুমদার বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯১৮ঘ.