ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারীর সাফল্যের খবর গণমাধ্যমে ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অ্যাকশন এইড আয়োজিত এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
'বন্যাকালীন ও বন্যাত্তোর সময়ে নারী নির্যাতন' শীর্ষক ওই কর্মশালায় উপদেষ্টা আরও জানান, ২০০৯ সাল থেকে দেশের বন্যাপ্রবণ এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের জন্য স্থানীয়ভাবে নির্ধারিত 'স্কুল ক্যালেন্ডার' অনুসরণ করা হবে।
উপদেষ্টা বলেন, "আমাদের সমাজে নারীর প্রতি যে বৈষম্য দেখানো হয়, তাও এক ধরনের নির্যাতন। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। নারীর সাফল্যের খবরাখবর গণমাধ্যমে ইতিবাচকভাবে তুলে ধরতে হবে।"
বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় থাকে জানিয়ে উপদেষ্টা বলেন, "দুর্যোগের সময়ে নারী ও শিশুদের নিরাপত্তা আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। পরিবারে নারীরা যেমন নির্যাতনের স্বীকার হয়ে থাকেন, তেমনি আশ্রয়কেন্দ্রগুলোতেও তারা নিগৃহীত হন।"
রাশেদা কে চৌধুরী জানান, দুর্যোগের সময়ে বন্যাপ্রবণ এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তাই এ সব স্কুলগুলোর কার্যক্রম ও সময়সূচি স্থানীয়ভাবে নির্ধারণ করে একটি স্কুল ক্যালেন্ডার প্রণয়ন করা হবে।
তত্ত্বাবধায়ক সরকারের স্বল্প মেয়াদের কথা উল্লেখ করে রাশেদা কে চৌধুরী বলেন, "নারী উন্নয়নে নেওয়া কার্যক্রম সরকার শেষ না করতে পারলেও শুরু করে যাবে।"
এ বিষয়ে সব মহলের সহযোগিতা চান তিনি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরিন ও অ্যাকশন এইড এশিয়া অঞ্চলের সমন্বয়ক শ্রীয়ানি পেরেরা। প্রবন্ধে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নারী নির্যাতনের ওপর গবেষণালব্ধ ফলাফল তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেন বাংলাদেশে অ্যাকশন এইড'র আবাসিক প্রতিনিধি ফারাহ কবীর, প্রতিষ্ঠানটির কর্মকর্তা নাইমা ইমাম চৌধুরী, ইয়ান রেকটর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরমিন্দ নীলোর্মি, পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান কার্যনির্বাহী সাইয়েদা রেজোয়ানা হাসান ও সেভ দ্য চিল্ড্রেন-এর নাইমা ওয়ারা প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় নারী নির্যাতন, এর প্রেক্ষাপট এবং তা রোধের বিষয়ে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমএস/এমআই/১২৫২ ঘ.
bdnews24