ঢাকা ০৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --সরকারের পাঁচ উপদেষ্টা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সন্ধ্যায় রেল ভবনে এ বৈঠক হয়।
চার আওয়ামী লীগ নেতার সঙ্গে উপদেষ্টাদের এ বৈঠক হয়। আওয়ামী লীগের নেতারা বলেছেন, সোমবারের এ বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক এবং এতে বুধবার আরেকটি বৈঠকের সিদ্ধান্ত হয়। সেটিও অনানুষ্ঠানিক বৈঠক হবে। (আরও তথ্যসহ)
সোয়া ছয়টা থেকে দেড়ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ ও কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 'নিঃশর্ত ও সম্মানজনক মুক্তির' বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সরাসরি কোন উত্তর দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি শুধু বলেন " আমি আপনাদের এই বিষয়টি পরে জানাব।"
তবে একজন উপদেষ্টা নাম না প্রকাশের শর্তে বলেন তারা "কিছু প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়ার জন্য অনানুষ্ঠানিক দায়িত্ব পেয়েছিলেন।" তিনি একে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার "প্রস্তুতিমূলক বৈঠক" অভিহিত করেছেন। সংলাপের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "তা নয়।" "আপনি একে আস্থাসৃষ্টি ও কোনকিছু শুরুর প্রচেষ্টাও বলতে পারেন।"
বিএনপির সঙ্গে এ ধরনের বৈঠকের ব্যাপারে প্রশ্নের জবাবে উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সব দলের সঙ্গে "শিগগিরই" এরকম বৈঠক হবে।
উপদেষ্টা বলেন, গত সংসদে প্রতিনিধিত্বকারী সব দলকেই এই প্রক্রিয়ায় রাখা হবে। তিনি একইসঙ্গে এটাও বলেন, "অন্য কয়েকটি দলকেও ডাকা হতে পারে।"
সন্ধ্যা সোয়া ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরী।
আওয়ামী লীগের পক্ষে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারি ড. হাসান মাহমুদ।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের নীতি নির্ধারকদের একজন নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "মূলত সংলাপের বিষয় নিয়ে আমাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। বলা যেতে পারে এটি প্রাক -সংলাপ বৈঠক।"
তিনি আরও বলেন, "সংলাপে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই বিষয়টি ছাড়াও আমাদের নেত্রীর নিঃশর্ত ও সম্মানজনক মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে।" আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সংলাপ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে বলে এ নেতা জানান।
এর আগে দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে আলোচনার সম্ভাব্য বিষয় ও সরকারের অবস্থান নিয়ে সচিবালয়ে বৈঠক করেন চার উপদেষ্টা। তবে তখন আলোচনার ফলাফল সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত কিছু জানানো হয়নি।
গোলাম মোহাম্মদ কাদের, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বেলা সাড়ে ১২টার দিকে যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠকে বসেন। বেলা পৌনে ৩টায় তাদের বৈঠক শেষ হয়।
হাসান আরিফ পরে সাংবাদিকদের বলেন, "বৈঠকে সংলাপের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছি। এ বিষয়ে আরো অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে।"শিগগিরই সংলাপের দিনক্ষণ ও স্থান নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএ/ইএইচবি/এসকে/২২৩১ঘ.
bdnews24