ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, রেশন চালু, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বাড়াতে ফৌজদারি কার্যবিধি সংশোধন, প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশের সংশোধনসহ বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলেছিলেন জেলা প্রশাসকরা। তাদের এসব দাবি ও সমস্যা সমাধানে সরকারের আশ্বাসের মধ্যে দিয়ে তিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন সোমবার দুপুরে শেষ হয়েছে।
তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভিজিএফ, ভিজিডি, টিআর ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের কাজ দ্রুততর করার জন্য বেশ কিছু নির্দেশনা পেয়েছেন জেলা প্রশাসকরা। এসব প্রকল্পে অনিয়ম ও অবহেলার জন্য শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
উদ্বোধনী অধিবেশন এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও জেলা প্রশাসকরা এ সম্মেলনে ১৬টি কার্য-অধিবেশনে যোগ দেন। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সরকারের ১০ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার পাঁচজন বিশেষ সহকারী এবং সচিব পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন অধিবেশনে জেলা প্রশাসকদের সমস্যার কথা শোনেন এবং দিক-নির্দেশনা দেন।
সম্মেলনের শেষ দিনে সোমবার পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. ইফতেখার আহম্মদ চৌধুরী, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, আবদুল মালেক, মানিক লাল সমাদ্দার, অধ্যাপক ম. তামিম এবং রাজা দেবাশীষ রায় জেলা প্রশাসকদের নিয়ে বৈঠক করেন।
সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব আবদুল করিম ও সংস্থাপন সচিব আব্দুস সালাম খান।
অধিবেশন শেষে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "পররাষ্ট্র নীতির ১০টি বিষয় ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সাতটি বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশের বিদেশ নীতির বিষয়েও তাদের দিক-নির্দেশনা দেয়া হয়েছে।"
শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "শিক্ষার মানোন্নয়ন এবং বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে জেলা প্রশাসকদের বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসকরাও বিভিন্ন সমস্যার কথা বলেছেন।"
তিনি বলেন, "জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকদের নিয়মিত পরিদর্শন করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো ব্যবস্থাপনা কমিটিও শক্তিশালী করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু দুর্বলতা ছিল। জাতীয় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরুর পর সে দুর্বলতাও কাটতে শুরু করেছে।"
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তথ্য সংগ্রহ ও তা সরবরাহের বিষয়েও জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।
হোসেন জিল্লুর বলেন, "বাজার নিয়ন্ত্রণই এখন জেলা প্রশাসকসহ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার এ জন্য ভিজিএফ, ভিজিডি, টিআর ও কাবিটা প্রকল্পসহ বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প হাতে নিয়েছে। এ মাসের মধ্যেই এসব প্রকল্পের কাজ শুরু হবে।"
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম বলেন, "সরকার কৃষি সেচের জন্য বিদ্যুতের সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে। বিদ্যুতের চাহিদা কমানোর জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে বিদ্যুতের সাশ্রয় চাহিদা কমাতে সহায়তা করবে।"
শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের ব্যবহার ৪০ শতাংশ কমানোর যে নির্দেশনা দেয়া হয়েছে সে প্রসঙ্গে অধ্যাপক তামিম বলেন, "আগামী বৃহস্পতিবার শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ ব্যবস্থা একেবারেই সাময়িক। গ্যাস উৎপাদন স্বাভাবিক হলেই তা আবারো ঠিক হয়ে যাবে।"
কয়েকজন জেলা প্রশাসক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্মেলনে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।
সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, "জেলা প্রশাসকরা সামগ্রিক কোনো সমস্যার কথা বলেননি। বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক সমস্যার কথা এসেছে। কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান দেয়া হয়েছে। তাদের কাছ থেকেও কিছু সুপারিশ এসেছে। এসব ব্যাপারে সরকার পরে সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, গত বছর জেলা প্রশাসক সম্মেলনে ৪০টি সুপারিশ এসেছিল। এর মধ্যে ২৬টি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। বাকী ১৪টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বছরের সুপারিশগুলোও লিপিবদ্ধ করা হয়েছে। এগুলোও বাস্তবায়নের ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসকদের প্রস্তাব অনুযায়ী, সরকারি কর্মকর্তা- কর্মচারীদের জন্য রেশন চালু করা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, "এ প্রস্তাব নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়নি। তবে তাদের লিখিত প্রস্তাবে এমন কিছু থাকলে সংশি
bdnews24