রংপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরবরাহ কম থাকায় রংপুরের অনেক মানুষ খোলা বাজারের চাল পাচ্ছেন না। আগের দিন মধ্য রাত থেকে লাইনে দাঁড়িয়েও বহু মানুষকে চাল না পেয়ে ফিরতে হচ্ছে।
সোমবার রংপুর পৌরসভা চেয়ারম্যান আব্দুর রউফ মানিক খাদ্য সচিবের কাছে এক জরুরি ফ্যাক্স বার্তায় পৌর এলাকায় বিক্রির জন্য খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। একই ধরনের ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে জেলা খাদ্য কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে।
জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মাহবুব হাবিব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার ১০৫ জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৩ দিন জনপ্রতি দৈনিক ৫ কেজি করে চাল বিক্রি হচ্ছে। প্রত্যেক ডিলারকে দেওয়া হচ্ছে ১ হাজার ২০ কেজি চাল। এতে ২১ হাজার ৪২০ জনকে চাল দেওয়া যায়। এ কারণে চালের পরিমাণ কমিয়ে ৩ কেজি করে দেওয়া হচ্ছে যাতে আরও বেশি লোক চাল পেতে পারে। এতে দেখা যাচ্ছে ৩৫ হাজার মানুষ চাল পাচ্ছেন।
মাহবুব হাবিব হাসান জানান, রংপুরের ৮ উপজেলার জন্য ৮৪ জন এবং শহরের পৌর এলাকার জন্য ২১ জন ডিলারের নিয়োগ করা হয়েছে।
রংপুর পৌরসভা চেয়ারম্যান অব্দুর রউফ মানিকের দাবি, পৌরসভার ৬৫ হাজার মানুষের মধ্যে চাল পাচ্ছেন ৩ হাজার ৭৪০ জন।
বিডিআর দোকানের কর্মকর্তা নজরুল বলেন, "চাল বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার ২০ কেজি। লাইন ধরে দাঁড়িয়ে আছে হাজারো নারী-পুরুষ। আমরা ৩ কেজি করে চাল বিক্রি করছি। এতে তিনশ' কিছু বেশি মানুষ চাল পাচ্ছেন। বাকিদের দেওয়া সম্ভব হচ্ছে না।"
এদিকে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে কয়েকশ ছাত্রছাত্রী চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার শহরের প্রেস ক্লাব এলাকায় মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
সিপিবি রংপুর জেলা সভাপতি শাহাদত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিলারের সংখ্যা ও বরাদ্দ বৃদ্ধি করার দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24