বাগেরহাট, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রির অভিযোগে শহরের খান জাহান আলী কলেজ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ সোমবার শেখ আবু শহীদ (৫৫) ও রোজিনা আক্তার (৩০) নামে দুজন ভেণ্ডারকে গ্রেপ্তার করেছে।
এদের কাছ থেকে ৩০ হাজার ৬২০ টাকার জাল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও কোর্ট ফি জব্দ করা হয়।
শেখ আবু শহীদ সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামের এবং রোজিনা কাড়াপাড়া ইউনিয়নের বাদে কাড়াপাড়া গ্রামের বাসিন্দা। আবু শহীদ রোজিনার ভগ্নিপতি। এরা দুজনই বাগেরহাট কোর্টের ভেণ্ডার।
বাগেরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সোহরাব হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধার করা স্ট্যাম্প ও কোর্ট ফি জাল বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সোহরাব হোসেন বাগেরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24