ঢাকা, ০৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৯০ দিনের মধ্যে প্রতিশ্র"ত ক্ষতিপূরণ না পাওয়ায় ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখায় ডাকাতিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা সোমবার বিকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই শাখা কার্যালয়ে অবস্থান ধর্মঘট করেছেন।
রাতে ব্যাংকের ক্যাশ সেকশনের একটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যাওয়ার পর এ নিয়ে ধর্মঘটী গ্রাহক ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
রাত সাড়ে ১১টার দিকে ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইসমত আলী খান ধানমন্ডি শাখায় এসে ধর্মঘটী গ্রাহকদের জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে তাদের সঙ্গে আলোচনায় বসবে ব্যাংক কর্তৃপক্ষ। তার এই ঘোষণার পর গ্রাহকরা ব্যাংক কার্যালয় ত্যাগ করেন।
গত ৫ জানুয়ারি ব্রাক ব্যাংকের ধানমন্ডি শাখায় ডাকাতির পর গ্রাহকদের আন্দোলনের মুখে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল, লুট হওয়া সম্পদ ৯০ দিনের মধ্যে উদ্ধার করা না গেলে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ৯০ দিনের সময়সীমা সোমবার শেষ হয়।
বিকেলে কার্যালয়ের ভেতরে ঢুকে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অবস্থান ধর্মঘট শুরুর পর রাত ৮টার দিকে তাদের ভেতরে রেখেই চলে যান ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সে সময় সেখানে শুধু পুলিশ ও ধর্মঘটী গ্রাহকরা ছিলেন। রাত ১০টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা ফিরে এলে ক্যাশ সেকশনের একটি তালা ভাঙা পাওয়া যায়।
এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু না বললেও গ্রাহকরা অভিযোগ করেন, তাদের ফাঁসানোর জন্যই ব্যাংক কর্তৃপক্ষ এ ঘটনা সাজিয়েছে। তারা পুলিশ ও র্যাব কর্মকর্তাদের কাছে বিষয়টির সুরাহা দাবি করেন।
শাখা ব্যবস্থাপক রেজোয়ান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংক থেকে বের হয়ে যায়। ধর্মঘটীরা ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। ব্যাংকের সদর দরজাও খোলা ছিল। নিয়মমাফিক নিরাপত্তারক্ষীদের কাছে চাবি দেওয়া ছিল। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও র্যাব কর্মকর্তাদের আসার খবর পেয়ে আবারও কর্মীদের ডাকা হয়।
তবে রেজোয়ান আহমেদ বলেন, তালা ভাঙার বিষয়ে তিনি কিছু জানেন না।
ধর্মঘটী গ্রাহক তাহমিদা বেগম দাবি করেন, ব্যাংকের এক কর্মচারী ৮টার দিকে ব্যাংক থেকে বের হওয়ার সময় হাতুড়ি দিয়ে তালাটি ভাঙেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তিনি বলেন, "আমি নিজে তাকে হাতুড়ি দিয়ে তালাটি ভাঙতে দেখেছি। তখন কিছু বুঝিনি। এখন বুঝতে পারছি, আমাদের ফাঁসানোর জন্য এ ঘটনা সাজিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। না হলে আমাদের রেখে কেন ব্যাংকের সব লোক ৮টার সময় বের হয়ে গেল?"
গ্রাহকরা মনির হোসেন নামে এক কর্মচারীকে তালা ভাঙার জন্য চিহ্নিত করেন। ভাঙা তালার পাশে একটি হাতুড়িও পাওয়া যায়।
অভিযোগ অস্বীকার করে মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি কোনও তালা ভাঙিনি। ওই তালা গত তিনদিন ধরে নষ্ট। ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি বিষয়টি নিরাপত্তাকর্মীদের জানিয়ে গেছি।"
পরে পুলিশের তেজগাঁ জোনের উপ কমিশনার মাহাবুবুর রহমান ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে কথা বলে বিষয়টির সুরাহা করার চেষ্টা করেন। সিদ্ধান্ত হয়, তালা ভাঙার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হবে। কেউ পরে এ বিষয়ে অভিযোগ করলে তা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হবে। আর জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইসমত আলী খান আগামী বৃহস্পতিবার গ্রাহকদের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেন।
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সবাই মিলে বসে এ ঘটনায় একটি সাধারণ ডায়রি করব।"
রাত সাড়ে এগারোটার পর তারা ব্যাংক কার্যালয় ত্যাগ করেন।
অবস্থান ধর্মঘটে যোগ দেওয়া রেইনা ফ্যাশনের চেয়ারম্যান আব্দুর রহিম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অনেক সময় দিয়েছি। এখন আন্দোলন ছাড়া বিকল্প নেই।"
রাবেত খান বলেন, "ডাকাতির ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়ে জানিয়েছিল, ৯০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেয়া হবে। সোমবার সেই ৯০ দিন পূর্ণ হলো। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ গত ৩ এপ্রিল আরেকটি চিঠি দিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করেছে। কবে ক্ষতি পূরণ দেয়া হবে চিঠিতে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। এ কারণে ওই চিঠি আমরা প্রত্যাখ্যান করছি।"
ওই চিঠির মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের জানায়, ডাকাতির ঘটনায় বিচারাধীন মামলার সুরাহা না হওয়া পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ কিছুই করতে পারবে না।
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষ থেকে পাল্টা চিঠি দিয়ে অবিলম্বে ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানানো হয়েছে বলে রাবেত খান জানান।
এ ব্যাপারে ব্রাক ব্যাংকের মার্কেটিং এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবেদুর রহমান সিকদার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি এখন আদালতের হাতে। এই মুহূর্তে আমাদের করার কিছু নেই। আদালতের রায় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এর পরই ব্যাংকের পক্ষে কিছু করা সম্ভব।"
গত ৫ জানুয়ারি গভীর রাতে ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখার ছাদ কেটে স্ট্রং রুমে ঢোকে ডাকাতরা। ব্যাংকের ৭৫টি লকার ভেঙে ৬০টিতে থাকা সোনার গহনাসহ গচ্ছিত সব মূল্যবান সম্পদ নিয়ে যায় তারা। পরদিন ৬ জানুয়ারি সকালে ব্যাংক খোলার পর বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আসে।
ওই ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার এবং প্রায় পাঁচশ ভরি সোনার গহনা উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24