২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ শোভাযাত্রা আর প্রতিবাদ মিছিলে ঢাবির সমাবর্তন

নানা ঘটনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে সোমবার। এই প্রথম সমাবর্তনে দুই ভাষাসৈনিককে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তন বক্তাও ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন। তবে সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিতির প্রতিবাদে মৌনমিছিল করেছে ছাত্রলীগ। সমাবর্তন বর্জন করেছে ছাত্রদলও। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা ঘটনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে সোমবার। এই প্রথম সমাবর্তনে দুই ভাষাসৈনিককে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তন বক্তাও ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন। তবে সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিতির প্রতিবাদে মৌনমিছিল করেছে ছাত্রলীগ। সমাবর্তন বর্জন করেছে ছাত্রদলও। শিক্ষকদের কোনও অংশ বর্জনের ঘোষণা না দিলেও অনেকেই যাননি অনুষ্ঠানে। আর এসব নিয়ে সনদ পাওয়া শিক্ষার্থীদেরও ছিল মিশ্র প্রতিক্রিয়া। সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় সমাবর্তনের আনুষ্ঠানিকতা। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে কার্জন হল থেকে শুরু হয় শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাসহ ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেন সেই শোভাযাত্রায়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "জাতির অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আরও প্রদীপ্ত হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।" তিনি আরও বলেন, "অনেকের মতো আমিও ব্যক্তিগতভাবে চাই বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনে মাতৃভাষা স্থান পাক। কিন্তু একই সঙ্গে বিশ্বায়ন ও আন্তর্জাতিকতার কথা ভেবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে গুরুত্ব দিতে হবে।" ভাষাসৈনিক আব্দুল মতিন সমাবর্তন বক্তৃতায় বলেন, "অত্যন্ত দুঃখের বিষয় সর্বস্তরে মাতৃভাষা এখনও প্রতিষ্ঠিত হয়নি।" সর্বস্তরে মাতৃভাষা চালু করতে একটি কমিশন গঠনের প্রস্তাব রেখে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাষাবিদ, রাজনীতিবিদ, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পণ্ডিত ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিশন গঠন করতে হবে।" আব্দুল মতিন আরও বলেন, "আমরা ১৯৫২ সালে যে স্বপ্ন দেখেছিলাম, ১৯৭১ সালে যে স্বপ্ন বুকে ধারণ ও লালন করেছিলাম, তা আজও পূরণ হয়নি। আজকের তরুণ ছাত্ররাই পারে সেই অপূর্ণ ও অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে; যার জন্য দরকার অবারিত দেশপ্রেম ও আত্মত্যাগ।" অনুষ্ঠানে ভাষাসৈনিক আব্দুল মতিন ও আ ন ম গাজীউল হককে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে আচার্য ইয়াজউদ্দিন আহম্মেদ তাদের সনদ বিতরণ করেন। অসুস্থতার কারণে গাজীউল হক অনুষ্ঠানে থাকতে পারেননি। তার হয়ে পরিবারের সদস্যরা সে সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনরা ডিগ্রিপ্রাপ্তদের নাম উপস্থাপন করেন। এবারের সমাবর্তনে ৩ হাজার ৮৮৫ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে ২ হাজার ৪২ জন ছাত্রী এবং ১ হাজার ৮৪৩ জন ছাত্র। এছাড়া ২৪ জনকে এমফিল ও ২৯ জনকে পিএইচডি ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৫২ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাচার্য এস এম এ ফায়েজ, প্রো-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রেজাউর রহমান। সমাবর্তন উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ছিল বন্ধ। রাষ্ট্রপতির আগমন ঘিরে ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তা। এর মধ্যেই সকাল থেকে সনদ পাওয়া শিক্ষার্থীদের ভিড়ে মুখর ছিল ক্যাম্পাস। আনন্দময় ক্ষণটির স্মৃতি ধরে রাখতে বিভিন্ন জায়গায় ছিল শিক্ষার্থীদের ছবি তোলার ধুম। এদিকে সমাবর্তনে রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে সকালে ক্যাম্পাসে মৌনমিছিল করে ছাত্রলীগ। মধুর ক্যান্টিন থেকে বের হওয়া ওই মিছিলে অংশ নেওয়া সবার মুখে বাঁধা ছিল কালো কাপড়। তাদের দাবি, দেশের সঙ্কটময় মুহূর্তে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ভূমিকা ছিল ন্যক্কারজনক। পাশাপাশি আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির বিষয়েও রাষ্ট্রপতি যথার্থ ভূমিকা রাখেননি। রাষ্ট্রপতির হাত থেকে সনদ না নেওয়ার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায় ছাত্রলীগ। রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে ছাত্রদলও সমাবর্তন বর্জনের ঘোষণা দেয়। তবে সোমবার তাদের কোনও কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরা সমাবর্তন বর্জনের ঘোষণা না দিলেও অনুষ্ঠানে তাদের অনেককে দেখা যায়নি। নীল দলের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চ্যান্সেলরের ন্যক্কারজনক কাজের জন্য আগেই ক্ষোভ প্রকাশ করেছি। তবে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মানার্থে আমরা আনুষ্ঠানিকভাবে সমাবর্তন বর্জন করিনি।" ব্যক্তিগতভাবেই তারা সমাবর্তনে অংশ নিচ্ছেন না বলে আরেফিন সিদ্দিক জানান। সমাবর্তন ঘিরে সনদ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ আর উদ্দীপনার যেমন কমতি ছিল না, তেমনি রাষ্ট্রপতির উপস্থিতি নিয়ে খেদও প্রকাশ করেন অনেকে। স্নাতক ডিগ্রির সনদ পাওয়া শিক্ষার্থী ইতিহাস বিভাগের মুন্নী জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্নাতক পাস করেই সমাবর্তন পাব, এমনটা ভাবিনি। খুব ভালো লাগছে। নিজেকে অনেক বেশি দায়িত্বশীল মনে হচ্ছে।" বিপরীত চিত্র ফুটে উঠলো সমাজকল্যাণ বিভাগের মুহিতের কথায়। তিনি বললেন, "আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির বিষয়ে যিনি সময়োচিত পদক্ষেপ নিতে পারেননি, তার হাত থেকে সনদ নিতে হলো- এ জন্য খারাপ লাগছে। কষ্ট হলেও পদাধিকার বলে তিনি চ্যান্সেলর বলে বিষয়টি মেনে নিতে হচ্ছে।" সমাবর্তনের কারণে ক্যাম্পাসের খেলার মাঠ সংলগ্ন সড়কটি বন্ধ থাকায় কার্জন হল এবং শহীদ মিনার এলাকায় বেশ যানজট দেখা যায়। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগের সমাবর্তন হয় ২০০৭ সালের ২৮ ফেব্র"য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেএফ/কিউএইচ/এমআই/এমএ/১৭৫০ঘ.