২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্রদের জন্য প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে জেলা প্রশাসকদের সম্মেলন শেষ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দরিদ্র জনগোষ্ঠীর নিরাপত্তা বেষ্টনীর জন্য বরাদ্দ প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার। জেলা প্রশাসকদের বিভিন্ন সমস্যার মধ্যে কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান এবং কিছু বিষয় কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দরিদ্র জনগোষ্ঠীর নিরাপত্তা বেষ্টনীর জন্য বরাদ্দ প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার। জেলা প্রশাসকদের বিভিন্ন সমস্যার মধ্যে কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান এবং কিছু বিষয় কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্যবিবরণীতে থাকা বিষয়গুলোর ক্ষেত্রে নীতি-নির্ধারণী সিদ্ধান্তের পর সরকার তা বাস্তবায়নের পদক্ষেপ নেবে। ঢাকায় জেলা প্রশাসকদের তিন দিনের সম্মেলন (ডিসি) শেষে সোমবার সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, সংস্থাপন সচিব আব্দুস সালাম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে সামগ্রিক কোনো সমস্যার কথা বলা হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ভিত্তিক সমস্যার কথা তারা জানিয়েছেন। কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে আসা বাকি সুপারিশ সম্পর্কে সরকার পরে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, "গত বছরের ডিসি সম্মেলনে ৪০টি সুপারিশ ছিল, এর মধ্যে ২৬টি বাস্তবায়ন করা হয়েছে। বাকিগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।" দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জেলা প্রশাসকদের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর আদলে রেশনিং ব্যবস্থা চালুর প্রস্তাবের ফল জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "এ ধরনের কোনো প্রস্তাব নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়নি। তবে তাদের লিখিত প্রস্তাবে এমন কোনো বিষয় থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিবেচনা করবে।" নির্বাহী বিভাগ থেকে বিচার আলাদা হওয়ার পর জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব সম্পর্কে আলী ইমাম মজুমদার বলেন, "পৃথিবীর অনেক দেশেই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়েছে। এতে প্রশাসনের কোনো সমস্যা হচ্ছে না। সাংবিধানিকভাবে বিচার বিভাগ পৃথক করা হয়েছে। এতে ক্ষমতা খর্ব হওয়ার কিছু নেই। এমন কিছু হলে সরকার তা দেখবে।" মন্ত্রিপরিষদ সচিব জানান, জেলা প্রশাসকরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে। বর্তমানে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন ও পরিচয়পত্র দেয়া হচ্ছে। নির্বাচনের প্রয়োজনেও তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। পুলিশ অধ্যাদেশ নিয়ে জেলা প্রশাসকদের দাবি প্রসঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলাম ও স্বরাষ্ট্র সচিব আবদুল করিম বলেন, পুলিশ অধ্যাদেশ এখনো জারি করা হয়নি। রেগুলেটরি রিফর্মস কমিশনের পরামর্শ অনুযায়ী অধ্যাদেশ প্রণয়নের আগে সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের মতামত নেওয়ার কাজ চলছে। তাদের মতামতের ভিত্তিতেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৭৩০ঘ.