ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বস্তরে মাতৃভাষা চালু করতে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন ভাষাসৈনিক আব্দুল মতিন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪তম সমাবর্তন বক্তৃতায় তিনি এ প্রস্তাব দেন।
আব্দুল মতিন ও গাজীউল হক- ৫২'র ভাষা আন্দোলনের এ দুই পুরোধাকে এবারের সমাবর্তনে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তন বক্তা আব্দুল মতিন অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে সেখানে থাকতে পারেননি আ ন ম গাজীউল হক।
বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত সমাবর্তনের মূল অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আচার্য রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ দুই ভাষাসৈনিকের সনদ বিতরণ করেন।
আব্দুল মতিন নিজে রাষ্ট্রপতির কাছ থেকে সনদ নেন। গাজীউল হকের পক্ষে সনদ নেন তার ছেলে রাহুল গাজী ও দুই মেয়ে। ওই সময় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা করতালির মধ্য দিয়ে দুই ভাষাসৈনিককে অভিনন্দন জানায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম কোনও ভাষাসৈনিককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হলো।
ভাষাসৈনিক আব্দুল মতিন সমাবর্তন বক্তৃতায় বলেন, "১৯৫২ এ সালাম, বরকত, জব্বার, রফিক রক্ত দিয়েছিলেন। তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া উচিত। শহীদদের সম্মানিত করার অর্থ জাতিকে, আমাদের জাতীয় ঐতিহ্যকে সম্মানিত করা।"
সর্বস্তরে মাতৃভাষা চালু না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, "অত্যন্ত দুঃখের বিষয় এখনও সর্বস্তরে মাতৃভাষা প্রতিষ্ঠিত হয়নি। তা প্রতিষ্ঠা করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাষাবিদ, রাজনীতিবিদ, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পণ্ডিত ব্যক্তিদের নিয়ে একটি কমিশন গঠন করতে হবে। এই কমিশনের দেওয়া রিপোর্ট ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।"
একইসঙ্গে ইংরেজিসহ বিদেশি ভাষা শিক্ষার ওপর জোর দিয়ে ভাষাসৈনিক মতিন বলেন, "তরুণ প্রজন্ম যেন ইংরেজিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভাষাসমূহ শিখতে পারে সে জন্য পদক্ষেপ নেওয়া দরকার। আর এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কাণ্ডারির ভূমিকা পালন করতে হবে।"
তিনি বলেন, "আমরা ১৯৫২ সালে যে স্বপ্ন দেখেছিলাম, ১৯৭১ সালে যে স্বপ্ন বুকে ধারণ ও লালন করেছিলাম, তা আজও পূরণ হয়নি। আজকের তরুণ ছাত্ররাই পারে সেই অপূর্ণ ও অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে। যার জন্য দরকার অবারিত দেশপ্রেম ও আত্মত্যাগ।"
সম্মানসূচক 'ডক্টর অব ল' ডিগ্রি পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বক্তব্যে বলেন, "আমি মনে করি এটা আমার নয়, ভাষা আন্দোলনেরই স্বীকৃতি।"
অপর সম্মানসূচক ডিগ্রিপ্রাপ্ত ভাষাসৈনিক গাজীউল হকের লিখিত বক্তব্য পড়ে শোনান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রেজাউর রহমান।
গাজীউল হক বলেন, "আমাকে ও আমার সহযোগী ভাষাসৈনিক আব্দুল মতিনকে সম্মানসূচক ডিগ্রি দিয়ে আপনারা শুধু আমাদেরই নয়, ভাষা আন্দোলনে অংশ নেওয়া ও কারাবরণকারী অগণিত ছাত্র ও যুবকর্মীদেরই সম্মানিত করেছেন। এ জন্য আমি গভীরভাবে আপ্লুত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/কিউএইচ/এমআই/এমএ/১৫৩৮ঘ.
bdnews24