ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষায় মাতৃভাষার পাশাপাশি ইংরেজিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সভাপতির বক্তৃতায় তিনি বলেন, "অনেকের মতো আমিও ব্যক্তিগতভাবে চাই বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনে মাতৃভাষা স্থান পাক। কিন্তু একই সঙ্গে বিশ্বায়ন ও আন্তর্জাতিকতার কথা ভেবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে গুরুত্ব দিতে হবে।"
নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪তম সমাবর্তন হয়। এর মূল অনুষ্ঠান হয় কেন্দ্রীয় খেলার মাঠে। এর আগে সকাল ১০টায় কার্জন হল থেকে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে বের হয় সমাবর্তন শোভাযাত্রা। এবারের সমাবর্তনে ভাষাসৈনিক আব্দুল মতিন ও গাজীউল হককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। ভাষাসৈনিক আব্দুল মতিন ছিলেন এবারের সমাবর্তন বক্তা।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। এর নিরসনের পথ খুঁজে বের করতে জাতীয় নেতৃবৃন্দের প্রতিও আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, "দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশনজট প্রকট না হলেও উদ্বেগজনক। এ অবস্থায় শিক্ষা ব্যয় বাড়ছে; শিক্ষার্থীদের জীবন থেকে অনেকগুলো সম্ভাবনাময় বছর ঝরে পড়ছে; অপচয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্ম ঘণ্টারও। আমি ছাত্র-শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজসহ আমাদের জাতীয় নেতৃবৃন্দের প্রতি বিষয়টি গভীরভাবে ভেবে দেখার জন্য আহ্বান জানাই।"
বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, "বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অভিভাবকদেরও সমভাবে সম্পৃক্ত করতে হবে এবং তাদের মতামতকেও গুরুত্ব দিতে হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, "জাতির অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আরও প্রদীপ্ত হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।"
রাষ্ট্রপতি বলেন, "কোনও বিশ্ববিদ্যালয় তার চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলরের জন্য প্রসিদ্ধ হয়ে উঠে না। বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও সুখ্যাতি নির্ভর করে তার শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীদের কৃতিত্বের ওপর। শিক্ষকের কাজ ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিকে প্রসারিত করে, আর ছাত্রদের অর্জিত জ্ঞানের গভীরতা বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষের সাক্ষ্য দেয়।"
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রধানমতম কাজ হচ্ছে জ্ঞানব্রতী মানুষ তৈরি করা। যে দেশের উচ্চ শিক্ষাব্যবস্থায় এই মানুষ বেশি সংখ্যক তৈরি হচ্ছে, সে দেশই এখন শ্রেষ্ঠ। যুগের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিগণ দেশের দৃষ্টি সম্প্রসারিত করতে পারেন, জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন ঘটাতে পারেন।"
সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশে আচার্য ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, "বিশ্ববিদ্যালয় পরবর্তী জীবনের কর্মসংস্থানের সহায়ক একটি সার্টিফিকেট লাভই যেন জীবনের পরম পাওয়া না হয়। এ অর্জনের তাৎপর্য আরও অনেক ব্যাপক ও বিস্তৃত। আমি আশা করব, অর্পিত দায়িত্ব পালনে সকলেই নিজ নিজ পরিমণ্ডলে সর্বদা উজ্জীবিত ও সক্রিয় থাকবেন।"
সমাবর্তন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাচার্য এস এম এ ফায়েজ, প্রো-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রেজাউর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনরা ডিগ্রিপ্রাপ্তদের নাম উপস্থাপন করেন। এবারের সমাবর্তনে ৩ হাজার ৮৮৫ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে ২ হাজার ৪২ জন ছাত্রী এবং ১ হাজার ৮৪৩ জন ছাত্র।
এছাড়া ২৪ জনকে এমফিল ও ২৯ জনকে পিএইচডি ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৫২ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/কিউএইচ/এমআই/এমএ/১৪৩৭ঘ.
bdnews24