ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমনের প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে মৌনমিছিল করেছে ছাত্রলীগ।
তাদের দাবি, দেশের সঙ্কটময় মুহূর্তে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ভূমিকা ছিল ন্যক্কারজনক। পাশাপাশি আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির বিষয়েও রাষ্ট্রপতি যথার্থ ভূমিকা রাখেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৪৪তম সমাবর্তন উদ্বোধন করেন।
রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে সকালে মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের মৌনমিছিল শুরু হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। অনেকের হাতে ছিল ফেস্টুন। ওই সব ফেস্টুনে "শিক্ষার শত্র" ইয়াজউদ্দিন, এবার আপনি বিদায় নিন"সহ এ ধরনের নানা স্লোগান লেখা ছিল।
মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু বলেন, "দেশের সঙ্কটময় পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা ছিল ন্যক্কারজনক। আগস্টের ঘটনায় ছাত্র-শিক্ষকদের মুক্তির বিষয়েও তিনি যথার্থ ভূমিকা পালন করতে পারেননি।"
সমাবেশ থেকে রাষ্ট্রপতির হাত থেকে সনদ না নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায় ছাত্রলীগ।
রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে ছাত্রদলও রোববার সমাবর্তন বর্জনের ঘোষণা দেয়। তবে সোমবার তাদের কোনও কর্মসূচি ছিল না।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ব্যর্থ রাষ্ট্রপতির সভাপতিত্বে সমাবর্তনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এর আগেই নিয়েছি। নতুন করে কোনও কর্মসূচি পালন করছি না।"
এদিকে নীল দলের শিক্ষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সমাবর্তনে অংশ নেননি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চ্যান্সেলরের ন্যক্কারজনক কাজের জন্য আগেই ক্ষোভ প্রকাশ করেছি। তবে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মানার্থে আমরা আনুষ্ঠানিকভাবে সমাবর্তন বর্জন করিনি।"
তবে অনেক শিক্ষকই ব্যক্তিগতভাবে সমাবর্তনে অংশ নিচ্ছেন না বলে আরেফিন সিদ্দিক জানান।
এবারের সমাবর্তনে ভাষাসৈনিক আব্দুল মতিন ও গাজীউল হককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/আরএ/জিএনএ/এমআই/১৪০৬ ঘ.
bdnews24