ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রোববার বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নড়াইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছে ৬ জন।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, সকালে রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাণীরহাট বাজারের কাছে চট্টগ্রামমুখী একটি মোটর সাইকেলকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে মো. সাগর (২৮) নামের একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোটর সাইকেলের আরেক আরোহী আবু সাঈদ স্বপনের (৫০) মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইশতেশাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি মামলা হয়েছে।
নড়াইল প্রতিনিধি জানান, দুপুরে সদর উপজেলার তুলারামপুর জোড়াব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেল ছয়জন আহত হন।
এদের মধ্যে যশোরের বাঘারপাড়ার দলেরনগর গ্রামের কোরবান আলী (৩০), একই গ্রামের আন্না বেগম (২১), যশোর শহরের রিতা বেগম (২৫) এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের সাথীকে (২০) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল জানান, নড়াইল থেকে যশোর গামী যাত্রীবাহী বাসটি তুলারামপুর জোড়াব্রিজ এলাকায় পৌঁছনোর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/জেকে/০০২০ ঘ.
bdnews24