চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় চট্টগ্রামের শিকলবাহা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি রোববার বিকেলে বন্ধ হয়ে গেছে। একই কারণে রাউজান বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটেও উৎপাদন কমে গেছে ২০ মেগাওয়াট। দুটি কেন্দ্রে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।
চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রটি চালানোর জন্য চাহিদা অনুযায়ী ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ না পাওয়ায় এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয় হয়েছে। এ কেন্দ্র থেকে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।
পিডিবি কর্মকর্তা মনিরুজ্জামান আরও জানান, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগে থেকেই ২ নন্বর ইউনিটে উৎপাদন বন্ধ ছিল। রোববার বিকাল থেকে একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে পাওয়া গেছে মাত্র ২৫ মিলিয়ন ঘনফুট। একারণেই উৎপাদন ২০ মেগাওয়াট কমে গেছে।
তিনি বলেন, চট্টগ্রামে বিদ্যুতের স্বাভাবিক চাহিদা প্রতিদিন গড়ে সাড়ে পাঁচশ মেগাওয়াট। রোববার দিনের বেলা অফ পিক আওয়ারে বিদ্যুতের সরবরাহ ছিল ৩২২ মেগাওয়াট। সন্ধ্যায় (পিক আওয়ারে) তা কিছুটা বেড়ে ৩৬৪ মেগাওয়াটে গিয়ে দাঁড়ায়।
রাউজানের একটি ইউনিটে উৎপাদন কমে যাওয়ায় এবং শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ায় সন্ধ্যার পর থেকে নগরজুড়ে ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। পিক আওয়ারে ব্যাপক লোডশেডিংয়ে ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার লোককে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24