২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানিয়ার শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন সংবিধান পরিপন্থী নয়: হাইকোর্ট

চট্টগ্রামের ওসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরির ২৫ ভাগ শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ওসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরির ২৫ ভাগ শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ কারখানাটির হিসাব সহকারী আবদুল ওহাব ভুঁইয়াসহ ৬ কর্মচারীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। অর্থ সচিব, শিল্পসচিবসহ ৬ জনকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, গত ২৬ ফেব্র"য়ারি আন্তঃমন্ত্রণালয় সভায় কারখানাটির সরকারি মালিকানাধীন ৫১ ভাগ শেয়ারের মধ্যে ২৫ ভাগ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সংবিধানের ৫৮ ঘ অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার এ রকম কোন নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন সংবিধান রক্ষার। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হলো নির্বাচন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা। তাই ওই সিদ্ধান্ত সংবিধানের ৫৮-ঘ অনুচ্ছেদের পরিপন্থী। রিটটির ওপর শুনানিতে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, ওসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরি একটি লাভজনক প্রতিষ্ঠান। এর ৩শ কোটি টাকার সম্পদ ও পুঁজি রয়েছে। এ ফ্যাক্টরিটি স্বাধীনতার পর প্রতিবছরই লাভ করছে। এই ফ্যাক্টরিটির ২৫ ভাগ শেয়ার বিক্রি হয়ে গেলে এতে সরকারের কর্তৃত্ব থাকবে না। বিদেশিরাও এ শেয়ার কিনে নিতে পারে। তিনি আরও বলেন, এ যাবত বিভিন্ন সরকারের আমলে যে ৬০টি সরকারি প্রতিষ্ঠান বিক্রি হয়েছে তা লাভের তো মুখ দেখেনি। কিন্তু এই প্রতিষ্ঠানটি লাভজনক হওয়া সত্ত্বেও এর সরকারি শেয়ার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০৫৪ ঘ.