ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় বাদপড়া ভোটারদের নিবন্ধনের জন্য আবারো সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। এপ্রিলের ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত তাদের নাম নিবন্ধন করা হবে।
ঢাকা মহানগরীর থানা ও ওয়ার্ডভিত্তিক নিবন্ধনের স্থান ও টেলিফোন নম্বর জানিয়ে তথ্য অধিদপ্তর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাদপড়াদের ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে।
ভোটার নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটার নিবন্ধন তথ্য কেন্দ্রের ৯১১৬৯৭১ ও ০১৭৩০-০২০৫০৪ নম্বরে ফোন করা যাবে।
ডিসেম্বরের ১ তারিখ থেকে ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়। ৩১ জানুয়ারি নিবন্ধন কাজ শেষ হওয়ার পর আরো দু'দফা সময় বাড়ানো হয়। মার্চের ১০ তারিখে ঢাকা সিটি করপোরেশনে ভোটার নিবন্ধনের কাজ চূড়ান্তভাবে শেষ করে নির্বাচন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/২১৫২ ঘ.
bdnews24