ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রুথ কমিশন গঠনের বিরোধী নয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তারা মনে করে, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই ট্রুথ কমিশন হতে হবে। এই কমিশনের মাধ্যমে বিশেষ কোনো মহল যাতে ছাড় না পায় সেটিও নিশ্চিত করতে বলেছে দুদক।
দুদকের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, "ট্রুথ কমিশন গঠনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া থাকতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে দুদক ও ট্রুথ কমিশনের মধ্যে যেন টানাটানি না হয় সেটি সরকারকে খেয়াল রাখতে হবে।"
ট্রুথ কমিশন সম্পর্কে সরকার দুদকের মতামত চেয়েছে জানিয়ে তিনি বলেন, "এ সংক্রান্ত একটি খসড়া কমিশন তৈরি করেছে। অন্যদের সঙ্গে আলোচনার পর তা সরকারের কাছে পাঠানো হবে।"
হাসান মশহুদ বলেন, রাজনৈতিকভাবে দুদককে ব্যবহার করা হচ্ছে না। কোনো বিশেষ মহলের বিরুদ্ধেও দুদক কাজ করছে না। দুর্নীতি প্রতিরোধের জন্যই আমরা কাজ করছি।
কমিশনের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে দুদক চেয়ারম্যান জানান, এরইমধ্যে ৪১টি মামলার বিচার শেষ হয়েছে। আরও ৬০টি মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগপত্র দেওয়া হয়েছে ২২ টি মামলার। এছাড়াও দুর্নীতির অভিযোগে ১৭৪টি মামলা করা হয়েছে, যার মধ্যে ৯০টির অনুসন্ধান ও তদন্ত চলছে।
অচিরেই উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হবে বলে জানান হাসান মশহুদ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/১৯১৩ ঘ.
bdnews24