২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা পাওয়া হুজুরের দোয়া!

দুর্নীতির দায়ে ১০ বছরের সাজা প্রাপ্ত সাবেক সাংসদ ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শহীদুল ইসলামের দোয়া চেয়ে হাজতখানায় চিরকুট পাঠিয়েছেন কয়েকজন লোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির দায়ে ১০ বছরের সাজা প্রাপ্ত সাবেক সাংসদ ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শহীদুল ইসলামের দোয়া চেয়ে হাজতখানায় চিরকুট পাঠিয়েছেন কয়েকজন লোক। বৃহস্পতিবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৭ এর হাজতখানায় নড়াইলের শহীদুল ইসলামের এলাকা থেকে আসা কয়েকজন লোক তাদের নাম লিখে মুফতি শহীদুলের কাছে একটি চিরকুট পাঠায়। চিরকুটটিতে লেখা ছিল 'হুজুর আমাদেরকে দোয়া করে একটু ফু দিয়ে দেবেন। তাতেই কাজ হয়ে যাবে।' এ চিরকুট মুফতি শহীদুল ইসলামের হাতে দিয়েই সমস্যায় পড়ে যান লোকগুলো। সেখানে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা চিরকুট নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এসময় তারা জানান, নড়াইল থেকে কয়েক জন সাধারণ মানুষ হুজুরের দোয়া চেয়েছেন। হুজুরের সঙ্গে দেখা করা সম্ভব নয় তাই তারা চিরকুটে নাম লিখে পাঠিয়েছেন। হুজুর চিরকুটে লেখা নাম পড়ে একটা ফু দিয়ে দিবেন। তাতেই দোয়া কবুল হবে। এরপর অবশ্য চিরকুটটি মুফতি শহীদুলের কাছ থেকে নিয়ে নেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। বিশেষ আদালতে মুফতি শহিদুলের বিরুদ্ধে শুল্কমুক্ত কোটায় গাড়ি এনে তা বিক্রির অভিযোগে একটি মামলার বিচার কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২০০০ ঘ.