২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসির ব্যবহার নিয়ন্ত্রণে অফিসগুলোতে চিঠি দিচ্ছে বিদ্যুৎ বিভাগ

বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় শীততাপ যন্ত্রের (এসি) নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য সরকারি ও আধা সরকারি অফিসে চিঠি দেবে বিদ্যুৎ বিভাগ। এছাড়া, ১৩০টি নন-বাল্ক শিল্প প্রতিষ্ঠানকে পিক আওয়ারে সীমিত গ্যাস ব্যবহারের জন্য চিঠি পাঠিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় শীততাপ যন্ত্রের (এসি) নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য সরকারি ও আধা সরকারি অফিসে চিঠি দেবে বিদ্যুৎ বিভাগ। এছাড়া, ১৩০টি নন-বাল্ক শিল্প প্রতিষ্ঠানকে পিক আওয়ারে সীমিত গ্যাস ব্যবহারের জন্য চিঠি পাঠিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাস পরিস্থিতি নিয়ে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন হয়। বিদ্যুৎ সঙ্কটের কথা স্বীকার করে অধ্যাপক তামিম বলেন, "এজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী বাল^ ব্যবহার, পিক আওয়ারে ওয়াসার পানির পাম্প নিজস্ব জেনাটেরর মাধ্যমে চালানো, ৮টার পর দোকান বন্ধ রাখা ও রাস্তার একপাশে বাতি জ্বালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও আধা সরকারি অফিসে শীততাপ যন্ত্রের (এসি) নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য চিঠি দিচ্ছে বিদ্যুৎ বিভাগ।" তিনি জানান, নন-বাল্ক শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সীমিত ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এ পর্যন্ত ১৩০টি শিল্প প্রতিষ্ঠানকে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাসের ব্যবহার ৪০ ভাগ কমানোর জন্য তিতাস চিঠি দিয়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অধ্যাপক তামিম বলেন, "বিভিন্ন কারণে গত সাত দিনে বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হয়েছে। এর মধ্যে গত ১২ ঘণ্টায় ঘোড়াশাল, খুলনা, শাহজীবাজার ও শিকলবাহায় চারটি প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে।" তিনি জানান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে একশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। চলাতি মাসে আরো ৯০ মেগাওয়াট উৎপাদন শুরু হবে। মে মাস নাগাদ আসবে ১৫০ মেগাওয়াট। সব মিলিয়ে ডিসেম্বর মাস নাগাদ এক হাজার মেগাওয়াট নতুন বিদ্যূৎ উৎপাদন হবে। প্রতিবছর দেশে চারশ থেকে পাঁচশ মেগাওয়াট চাহিদা বাড়ছে জানিয়ে তিনি বলেন, "বর্তমানে উৎপাদন ক্ষমতা ৪১০০ থেকে ৪২০০ মেগাওয়াট। তবে বিদ্যুৎ ইউনিটগুলো পুরোনে হওয়ায় সবগুলো একসঙ্গে চালু রাখলেও চার হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন সম্ভব। এর মধ্যে কমপক্ষে তিনশ মেগাওয়াটের ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে হয় বলে সার্বিকভাবে দেশে ৩৭০০ মেগাওয়াট উৎপাদন করা যায়।" অধ্যাপক তামিম বলেন, ২০২৫ সাল পর্যন্ত আমাদের বিদ্যুতের চাহিদা হবে ১৭ হাজার মেগাওয়াট। গ্যাসের চাহিদা হবে ২৪ ট্রিলিয়ন ঘনফুট। গ্যাস পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চাহিদা ১৮৩০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে দেশে উৎপাদন ক্ষমতা ১৮৪০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে সরবরাহ করা হচ্ছে ১৭৩০ থেকে ১৭৩৮ মিলিয়ন ঘনফুট। ২০১১ সাল নাগাদ আরো ২৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন ও বিদ্যুৎ সচিব ড. এম ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/১৯৫৭ ঘ.