ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা আদালতে ফের অসুস্থ বোধ করায় বৃহস্পতিবার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়ে দিয়েছে আদালত।
৭ এপ্রিল মামলাটির নতুন শুনানির দিন ঠিক করেছে আদালত।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে পরপর দুবার আদালতে অসুস্থ হয়ে পড়লেন শেখ হাসিনা। এর আগে ৩০ মার্চ স্কয়ার হাসপাতাল থেকে তাকে আদালতে হাজির করা হলে তিনি অসুস্থ বোধ করেন। ওইদিন তাকে জোর করে হাসপাতাল ত্যাগে বাধ্য করা হয় বলে আদালতে অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী। আরও তথ্যসহ জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।
বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করার পর শেখ হাসিনা বলেন,"বন্দি হিসেবে আমি একটা কথা বলতে চাই। যদি আমার প্রতি কোনো অন্যায়-অবিচার করা হয়, তাহলে কার কাছে প্রতিকার চাইবো?"
তিনি বলেন,"আমার চোখ আরও খারাপ হয়ে গেছে। এই অবস্থায় আমি কার কাছে প্রতিকার চাইবো? রাষ্ট্রপক্ষের কথা শুনেই বোঝা যায় এ মামলার ভিত্তি নেই। রায় তৈরিই করা আছে।"
এসময় বিচারক মো. ফিরোজ আলম বলেন, "এটার সঙ্গে আমরা বিচারকরা জড়িত নই। এভাবে অভিযোগ শুনলে সারা দেশের ১০ হাজার বিচারপ্রার্থী একজন একজন করে এসে বলবে আমি প্রতিকার চাই।"
এর আগে আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ এ মামলা থেকে হাসিনাকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন জানিয়ে এর ওপর শুনানিতে অংশ নেন।
শুনানির এক পর্যায়ে সকাল ১১টা ৪৫ মিনিটে হাসিনা অসুস্থ বোধ করেন। ওই সময় তিনি একজন কারারক্ষীকে তার ব্যাগ থেকে রুমাল রেব করে ভিজিয়ে দিতে বলেন। ভেজা রুমাল দিয়ে হাসিনা তার ঘাড় ও চোখ-মুখ মুছতে থাকেন।
আসামি পক্ষের আইনজীবী মহসিন রশীদ বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করে আদালত মুলতবি করার আবেদন জানান। এরপর বিচারক ৭ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।
সকাল ৯ টা ৪০ মিনিটে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য শেখ হাসিনাকে বিশেষ জজ আদালত-১ এ হাজির করা হয়।
শুরুতেই আসামি পক্ষের আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন আদালতে শেখ হাসিনার সুস্থতা নিয়ে কারা কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনকে 'বানোয়াট' বলে মন্তব্য করেন। একই সঙ্গে 'চিকিৎসা শেষ না করেই' হাসপাতাল হাসিনাকে ছাড়পত্র দেওয়া প্রসঙ্গে কারা মহাপরিদর্শকের দেওয়া বক্তব্যকে 'মিথ্যা' ও 'বানোয়াট' দাবি করে বিচারকের কাছে এর ব্যাখ্যা চান।
তিনি আরও বলেন,"শেখ হাসিনা আদালতে আসতে চাননি এটা অসত্য। আপনি বলেছেন আসামিকে হাজির করতে। কিন্তু কারা কর্তৃপক্ষ হাসিনার চিকিৎসা শেষ না করেই জোর করে তাকে আদালতে হাজির করেছেন। আপনিতো তাদের বলেনি অসুস্থ আসামিকে আদালতে হাজির করতে।"
আসামি পক্ষের আরেক আইনজীবী রেজাউর রহমান আদালতকে বলেন,"আমরা দুটো দরখাস্ত দিয়েছি। একটা হলো হাসিনার শারীরিক অবস্থা সম্পর্কে কারা কর্তৃপক্ষ যে প্রতিবেদন দাখিল করেছে তা অনুলিপি চেয়ে। অন্যটা আসামি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আদালত মুলতবি রাখার জন্য। কেননা আজ চিকিৎসকদের মধ্যে কোনো দ্বি-মত নেই যে তিনি অসুস্থ। দেশ ও জাতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। দেশের মানুষকে এ বিষয়ে অন্ধকারে রাখা হয়েছে।"
এ সময় বিচারক বলেন,"আজ অভিযোগ গঠনের শুনানিতে আপনাদের অংশ নেওয়ার কথা। কিন্তু তা না করে আপনারা সময় চেয়েছেন। এটা ঠিক না। আপনাদের মত আইনজীবীদের কাছ থেকে আদালত যে সহযোগিতা আশা করেছিল তা দিতে ব্যর্থ হয়েছেন। আপনারা আগে শুনানি শেষ করুন। পরেতো অনেক বিষয় রয়েছে।"
বিচারক বলেন, "বাইরে ডিল কি হবে না হবে, তা আমি জানি না। দেখা গেল আমি এ মামলার অভিযোগ গঠন করে চেম্বারের যেতে না যেতেই সরকার তা প্রত্যাহার করে নিলো। উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ দেওয়া হলো কিংবা আপনারা আমার আচরণে ক্ষুব্ধ হয়ে অনাস্থা জানালেন। এমন অনেক কিছুই হতে পারে। কিন্তু মামলার শুনানিতো চলতে হবে।"
এরপর শফিক আহমেদ আসামিকে এ মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন জানান। এর ওপর শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন,"দেশে ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হয়েছে। ওই সময় থেকে যেসব অপরাধ সংঘটিত হবে সেসবের বিচার কাজ হবে জরুরি ক্ষমতা বিধিমালায়। কিন্তু এই মামলায় যে অভিযোগ আনা হয়েছে তা ১৯৯৬ সালের। এটা জরুরি বিধিমালায় আসতে পারেনা।"
দেশের সংবিধানের প্রস্তাবনা উদ্ধৃত করে তিনি বিচারককে বলেন,"সংবিধানে বলা হয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ। এমন কোনো আইন প্রণয়ন করা যাবে না যাতে সংবিধানের প্রস্তাবনা ব্যাহত হয়।"
এছাড়াও তিনি উচ্চ আদালতে হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর জরুরি বিধিমালায় দায়ের করা মামলার স্থগিতাদেশের কথা তুলে ধরেন।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমএ/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24