২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মহামারী এড়াতে পেরেছে বাংলাদেশ: ভাসকেজ

রোমে জাতিসংঘ সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গাদি ভাসকেজ বার্ড ফ্লু-র সম্ভাব্য মহামারী ঠেকাতে অবদান রাখায় খুলনায় কর্মরত স্থানীয় কর্মকর্তা এবং উন্নয়ন সংস্থাগুলোর প্রশংসা করেছেন। নগরীর জিয়া হলে এআই. কম এবং পশুসম্পদ বিভাগ আয়োজিত জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে বুধবার তিনি বক্তব্য রাখছিলেন। খুলনা থেকে জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন কায়সার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 07:15 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

খুলনা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোমে জাতিসংঘ সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গাদি ভাসকেজ বার্ড ফ্লু-র সম্ভাব্য মহামারী ঠেকাতে অবদান রাখায় খুলনায় কর্মরত স্থানীয় কর্মকর্তা এবং উন্নয়ন সংস্থাগুলোর প্রশংসা করেছেন। নগরীর জিয়া হলে এআই. কম এবং পশুসম্পদ বিভাগ আয়োজিত জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে বুধবার তিনি বক্তব্য রাখছিলেন। এআই. কম এভিয়ান ইনফ্লেুয়েঞ্জা প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে ইউএসএআইডি এর একটি কর্মসূচি। আরটিএন ইন্টারন্যাশনাল নামের একটি এনজিওর সঙ্গে খুলনায় এই কর্মসূচি চালানো হচ্ছে। ভাসকেজ প্রশিক্ষণরত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "আপনারা খুবই ভাগ্যবান। অনেক বিশেষজ্ঞের আশঙ্কা সত্ত্বেও এখানে কোন মহামারী দেখা দেয়নি। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে।" রাষ্ট্রদূত বলেন, এভিয়ান ইনফ্লেুয়েঞ্জা মোকাবেলায় যুক্তরাষ্ট্রই প্রথম অর্থ ও বিশেষজ্ঞ সহায়তা নিয়ে এগিয়ে আসে। এ সমস্যা মোকাবেলায় বিশ্বব্যাপী তৎপরতার সমন্বয় করতে রোমে 'ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার' স্থাপন করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তিনি আশা করেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার মতো সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় বাংলাদেশ এভিয়েন ইনফ্লুয়েঞ্জার "সবচেয়ে খারাপ অবস্থা" থেকে রক্ষা পাবে। স্থানীয় কর্মকর্তারা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিস্তারের রাশ টেনে ধরার সাফল্য দাবি করে বলেন, গত তিনদিনে নতুন করে কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। কর্মসূচিতে নিয়োজিত কর্মকর্তারা জানান, ২০০৭ এর মার্চে বাংলাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হওয়ার পর এর বিস্তার রোধে এ বছরের মার্চের শেষ পর্যন্ত১৬ লাখের বেশি মুরগি নিধন করা হয়েছে। ভাসকেজ মুখোশ, গ্লাভস প্রভৃতি সুরক্ষা উপকরণের সর্বোত্তম ব্যবহারের ওপর একটি ডেমনেসট্রেশন অনুষ্ঠানে অংশ নেন। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়ানোর ঝুঁকি আছে এমন মুরগি থেকে নমূনা সংগ্রহ করার সর্বোত্তম উপায় দেখানো হয় অনুষ্ঠানে। রাষ্ট্রদূত বলেন, ইউএসএআইডি এ পর্যন্ত ২০ হাজার সেটেরও অধিক ব্যক্তিগত সুরক্ষা উপকরণ দিয়েছে। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আবাসিক প্রতিনিধি এড স্পাইকারস বলেন, "তত্ত্বাবধায়ক সরকার এবং উন্নয়ন সহযোগীদের পারস্পরিক 'খুব ভালো সহযোগিতা'র কারণে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মহামারী মোকাবেলায় সহায়ক হয়েছে। তবে তিনি আত্মতুষ্টিতে না ভোগার জন্য সবাইকে সতর্ক করে দেন। জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. ওবায়দুল করিম নিধন করা মুরগির জন্য সরকারের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানিয়ে বলেন, বাজার অবস্থা বিবেচনা করে সরকার নিয়মিতভাবে ক্ষতিপূরণের হার পূনর্মূল্যায়ন করছে। এভিয়ান ও প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা বিষয়ে ইউএসএআইডি'র কারিগরী পরামর্শক জান্দ্রা হলাওয়ে আন্দ্রে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্তকরণে তারা যে জটিলতা মোকাবেলা করেছেন তা তুলে ধরেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ছোট ছোট খামার মালিকরা গরিব। ইউএসএআইডি তাদের জন্য ঋণ সুবিধাসহ পূনর্বাসন কর্মসূচি শুরু করার উপায় খুঁজছে বলেও জানান তিনি। বক্তাদের কয়েকজন বলেন, এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ 'উচ্চ নয়' বাংলাদেশে । গাদি ভাসকেজ এরপর যাত্রাপুর ইউনিয়নে এফএও এর প্রকল্প এবং গোপালগঞ্জ জেলায় 'ইফাদ' এর প্রকল্প পরিদর্শন করেন। ঘূর্ণিদুর্গত এলাকা ঘুরে দেখা শেষে ভাসকেজের বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এডি/ডিডি/এমএইচবি/০১৪৭ ঘ.