২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পুলিশ-রোহিঙ্গা সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫

টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে বুধবার পুলিশের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অন্তত ১০ জন। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চিকিৎসা সেবাদানকারী একটি এনজিও শিবির ছেড়ে চলে যাওয়ার সময় রোহিঙ্গরা বাধা দেয়। পুলিশ বাধা সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 06:06 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

কক্সবাজার, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে বুধবার পুলিশের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অন্তত ১০ জন। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চিকিৎসা সেবাদানকারী একটি এনজিও শিবির ছেড়ে চলে যাওয়ার সময় রোহিঙ্গরা বাধা দেয়। পুলিশ বাধা সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে। আহত পুলিশের সিপাহী হাবিব উল্লাহ (২৭), সিপাহী মামুন (২৬) ও আনসার নায়েক আবদুস সাত্তারকে (৩৫) টেকনাফ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আয়ুব আলী ও সৈয়দ হোসেন নামের দুই রোহিঙ্গাসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, 'মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার' বা এমএসএফ নামের একটি ডাচ সংস্থা ওই শরণার্থী শিবিরে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বুধবার বিকেলে তারা ক্যাম্প ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় রোহিঙ্গা শরণার্থীরা গাড়ির সামনে শুয়ে পড়ে তাদের স্থায়ীভাবে দায়িত্ব নেওয়ার দাবি জানায়। শরণার্থী শিবিরের দায়িত্বরত পুলিশ, আনসার ও নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই পুলিশ কর্মকর্তা জানান, সংর্ঘর্ষের সময় রোহিঙ্গা শরণার্থীরা এমএসএফ এর একটি গাড়ি ও ক্যাম্প ইনচার্জের দপ্তর ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ঘটনার পর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/০০০০ ঘ.