২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসের শেষে সরবরাহ বাড়বে ২০০ মেগাওয়াট: ম. তামিম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম জানিয়েছেন মে মাসের শেষ নাগাদ জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ যুক্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম জানিয়েছেন মে মাসের শেষ নাগাদ জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ যুক্ত হবে। ম. তামিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মে মাসের শেষ নাগাদ ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছি। ইতিমধ্যে বগুড়ায় ২৪ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। ১৫ দিনের মধ্যে ফেঞ্চুগঞ্জে ৬৬ মেগাওয়াটের একটি ইউনিট চালু হবে।" দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "পুরনো ইউনিট দিয়ে উৎপাদন চলছে। এরমধ্যে অনেকগুলো ২০ থেকে ২৫ বছরের পুরানো। এ কারণে সঙ্কট বেড়েছে। এছাড়া সরবরাহ লাইনেও সমস্যা আছে।" বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, নতুন যে সব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে সেগুলোতে বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা হবে না। কারণ এগুলো গ্যাস উৎসের কাছাকাছি স্থাপন করা হচ্ছে। শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সরবরাহ বন্ধ করা প্রসঙ্গে অধ্যাপক তামিম বলেন, "এ ব্যাপারে কাউকে বাধ্য করা হবে না। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান বন্ধ করলে চালু করতে পাঁচ-সাত দিন সময় লাগে, ওই সব প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে না। যেগুলো বন্ধ করে আবার দ্রুত চালু করা যায় সে সব প্রতিষ্ঠানে 'ভলেন্টারি রেশনিং' করা হবে। এ ধরনের সিদ্ধান্ত হবে সাময়িক এবং এটা এখনও চিন্তা ভাবনার পর্যায়েই আছে।" বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য নির্ধারিত সময়ের আগেই পলাশ সার কারখানা রক্ষণাবেক্ষণ ও নবায়নের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি। বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী সারাদেশে এখন বিদ্যুতের চাহিদা ৪৫০০ মেগাওয়াট। এর বিপরীতে পিক আওয়ারে উৎপাদন হচ্ছে গড়ে ৩৬০০ মেগাওয়াট। লোড শেডিংএর পরিমাণ ৭০০ মেগাওয়াটের বেশি। এপ্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাসের স্বল্পতা থাকলে রেশনিং করতে হবে। বিদ্যুৎকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও উৎপাদন বাড়ছে না। গ্যাসের সরবরাহ বেড়ে গেলে উৎপাদন বাড়বে, লোড শেডিং কমে যাবে।" বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার দেশের সম্ভাব্য চাহিদা ছিল ৪৫০০ মেগাওয়াট। সম্ভাব্য উৎপাদন ছিল ৩৬১০ মেগাওয়াট। লোড শেডিং নির্ধারণ করা হয়েছিল ৭৭৬ মেগাওয়াট। গ্যাস স্বল্পতার কারণে ৬৯৮ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়েছে। বিদ্যুৎ বিভাগের হিসাব অনুসারে বর্তমানে ১৯টি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাহিদা ৮৪৪ মিলিয়ন ঘনফুট। আর উৎপাদন ক্ষমতা ৩৯৫৯ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএ/১৯২৩ঘ.