বরিশাল, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে চলছে জন্ম নিবন্ধন কার্যক্রম।
সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধায়নে এবং ইউনিসেফের সহযোগিতায় বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন) জন্ম নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করছে।
বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও তাদের কর্মীরা গত ২৫ মার্চ থেকে জন্ম নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে। এ কাজ এপ্রিল মাস জুড়েই চলবে।
বিএনডিএন'র সাধারণ সম্পাদক রনজিত কুমার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশালের ৩২টি বেসরকারি উন্নয়ন সংস্থার ২৭০ জন কর্মী স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে নগরীতে নিবন্ধন কাজ করছেন।
বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক পর্যায়ে নগরবাসী স্ব-উদ্যোগে নির্ধারিত স্থানে এসে নিবন্ধিত হয়েছে। কিন্ত ২৫ মার্চ থেকে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রতিটি নগরবাসীর ঘরে ঘরে গিয়ে জন্ম নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২৬ ঘ.
bdnews24