ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চসুদে স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার ফলে দেশে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।
মঙ্গলবার রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মিলনায়তনে 'বাংলাদেশে খাদ্য নিরাপত্তা: বর্তমান ও ভবিষ্যৎ' শীর্ষক সেমিনারে তিনি বলেন, "বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অব্যাহত ঋণ সহায়তা দেওয়ার পর সরকারকে আবার উচ্চ সুদে স্বল্পমেয়াদি ঋণ পরিশোধ করতে হলে দেশে মুল্যস্ফীতি বেড়ে যেতে পারে।"
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) জ্বালানি তেল আমদানির অর্থ যোগাতে বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকে ৩০ কোটি ডলার ঋণ নেওয়ার বিষয়টির চূড়ান্ত অনুমোদন হয় সোমবার। ফরাসি ব্যাংক বিএনপি পারিবাস থেকেও এজন্য ঋণ নেওয়ার কথা রয়েছে। নয় মাসের মধ্যে ওই ঋণ সুদসমেত শোধ করতে হবে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ এ প্রসঙ্গে বলেন, "বোরো মৌসুম শেষ হয়েছে। এখন ডিজেলের অত চাহিদা নেই। তাই জ্বালানি তেল আমদানির জন্য উচ্চ সুদে স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না।"
'আন্তর্জাতিক সিন্ডিকেট' চালের বাজার নিয়ন্ত্রণ করছে- মন্তব্য করে তিনি বলেন, "অনুমানের ভিত্তিতে খাদ্য মজুদ নিয়ে আতঙ্ক সৃষ্টির দরকার নেই। শুধু ব্যবসায়ীদের কাছে নয়, ভোক্তা ও কৃষকদের কাছেও খাদ্যের মজুদ রয়েছে। কিন্তু কী পরিমাণ রয়েছে, আর কী পরিমাণ দরকার তার কোনো সঠিক হিসেব সরকারের কাছে নেই।"
খাদ্য মজুদের ব্যাপারে সরকারি তথ্য সম্পর্কে তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী গত বছরের প্রথম নয় মাসের চেয়ে চলতি বছরের প্রথম নয় মাসে বেশি মজুদ থাকার কথা।"
সরকারকে যথাযথ তথ্য সরবরাহ নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি।
সাবেক উপদেষ্টা বলেন, "সরকারের মজুদ খুব বেশি নেই। তাই সঠিকভাবে খাদ্য সরবরাহের জন্য আগে চিহ্নিত করতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে।"
মূল প্রবন্ধে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, "প্রতিবছর বাংলাদেশে প্রায় বিশ লাখ জনসংখ্যা বাড়ছে। এরসঙ্গে সঙ্গতি রেখে প্রতিবছর আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে শূন্য দশমিক ৩৫ মিলিয়ন টন।"
বর্তমানে সৃষ্ট খাদ্য ঘাটতি দেশে উৎপাদিত ফসল দিয়েই মেটানোর ওপর জোর দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসএনডি/২১৩১ ঘ.
bdnews24