চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের চৌমুহনী এলাকায় সোমবার রাতে আগুনে ৩৫টি বস্তিঘর পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে জনাব আলী (৮০) নামে এক বৃদ্ধ।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চৌমুহনীর পাঠানটুলী এলাকার বস্তির একটি ঘরে কূপি থেকে রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে ৩৪টি ঘরকে গ্রাস করে।
দমকল বাহিনীর গাড়ি গিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফজলুল কাদের জানান।
তিনি বলেন, অগ্নিদগ্ধ হয়ে জনাব আলী ঘটনাস্থলেই মারা যায়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে দমকল বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৫৯ ঘ.
bdnews24