ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বুড়িগঙ্গা নদীকে বাঁচানোর আহ্বান জানিয়ে কৃষি উপদেষ্টা সি এস করিম বলেছেন, "মরা বুড়িগঙ্গা নয়, ভরা বুড়িগঙ্গা চাই। শত বছরের জনপদ ঢাকাকে রক্ষা করতে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত রাখতে হবে। মানবসৃষ্ট সমস্যা মোকাবেলায় কর্মপন্থা বের করে বুড়িগঙ্গাকে বাঁচানোর ব্যবস্থা নিতে হবে।
সোমবার 'সাসটেইনেবিলিটি অফ দ্য বুড়িগঙ্গা রিভার: অগমেন্টেশন অফ ড্রাই সিজন ফ্লো' শীর্ষক সেমিনার উদ্বাধনকালে তিনি একথা বলেন।
কৃষি উপদেষ্টা বলেন, "ঢাকার জীবনের সঙ্গে বুড়িগঙ্গা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে জনপদ। আজ বুড়িগঙ্গা মরে গেছে, ধোলাই খাল শেষ। দূষণের কারণে ঢাকার মতো চট্টগ্রামের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে।"
এখনো বুড়িগঙ্গাকে বাঁচানো যাবে- এ আশাবাদ রেখে সিএস করিম বলেন, মরা বুড়িগঙ্গাকে ভরা বুড়িগঙ্গায় পরিণত করা সম্ভব হবে। এ জন্যে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
তিনি আশঙ্কা করেন, বুড়িগঙ্গাকে বাঁচাতে না পরলে মেঘনাকেও বাঁচাতে পারবো না। বুড়িগঙ্গা রক্ষায় সুনির্দিষ্ট সুপারিশ পেলে সরকার তা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশ্বাস দেন উপদেষ্টা।
রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ (বিএআরসি) মিলনায়তনে ইন্সটি্িটউট অফ ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর সহযোগিতায় আইসিআইডি- জাতীয় কমিটি (বানসিড) এর উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, পরিবেশবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবদুল্লাহ আবু সায়ীদ, বুয়েটের অধ্যাপক ফজলুল বারী, পানি সম্পদ উন্নয়ন বোর্ডের মহাপচিারক এইচএস মোজাদ্দেদ ফারুক, বিশ্ব ব্যাংকের সিটি স্পেশালিস্ট খাজা এম মিন্নাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
বানসিড-এর চেয়ারম্যান বদরুল আলম তরফদারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডব্লিউএম-এর নির্বাহী পরিচালক ইমদাদ উদ্দিন আহমেদ।
ইনাম আহমেদ চৌধুরী বলেন, "বুড়িগঙ্গাকে বাঁচাতে তথা নিজেদের রক্ষায় সবার আগে নাগরিক সচেতনতা গড়ে তুলতে হবে।"
অধ্যাপক আবু সায়ীদ বলেন, "বাংলাদেশে সবচেয়ে বড় বিপর্যয় এখন বুড়িগঙ্গা দূষণ। সরকারকে এ বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পানির অভাবের জন্যে এ বিপর্যয় ঘটেনি; বরং কিছু লোকের অর্থলিপ্সার কারণে এ পরিণতি। "
মূল প্রবন্ধে বলা হয়, বুড়িগঙ্গার পানি এখন ব্যবহার অনুপযোগী। নদীর মাত্রাতিরিক্ত পানি দূষণের কারণে গভীর নলকূপের পানিও আজ দূষিত। বুড়িগঙ্গাকে বাঁচাতে সমন্বিত ব্যবস্থা নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএচসি/এমএইচবি/০১০৩ ঘ.
bdnews24