ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিসা আইন আরো কঠোর করছে যুক্তরাজ্য। এখন থেকে কোনো তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিয়ে কেউ যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করলে পরবর্তী ১০ বছর দেশটির ভিসা পাওয়ার যোগ্যতা হারাবে। এ ছাড়া বেআইনিভাবে যারা দেশটিতে ছিল বা অনুমতি ছাড়া কাজ করেছে তারাও যুক্তরাজ্যের ভিসা পাবে না।
১ এপ্রিল থেকে নতুন এই অভিবাসন আইন কার্যকর হবে বলে সোমবার ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশনের ইমিগ্রেশন সার্ভিসেস এর প্রধান জন ভার্নির উদ্ধৃতি দিয়ে ভিসার নিশ্চয়তা ও ভুয়া কাগজপত্র দিয়ে কোনো এজেন্টের মাধ্যমে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন না করার পরামর্শ দেওয়া হয়।
জন ভার্নি বলেন, "এতে আর্থিকভাবে ক্ষতির চেয়েও দীর্ঘমেয়াদি ক্ষতি অনেক বেশি হবে।"
নতুন আইনের কারণে বাংলাদেশীদের ভীত না হওয়ারও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসএনডি/২১২৬ ঘ.
bdnews24