ঢাকা , মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) জ্বালানি তেল আমদানির অর্থ যোগাতে বিদেশি স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কাছ থেকে ৩০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার। নয় মাসের মধ্যে সুদসহ এ ঋণ পরিশোধ করতে হবে।
ঋণের সুদের হার হবে লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেটের (লাইবর) সঙ্গে আরও এক দশমিক ৭৯ শতাংশ।
এছাড়া, বাজেট ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২২ কোটি ডলার ঋণ নেবে সরকার।
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার হার্ডটার্ম লোন (কঠিন শর্তে ঋণ) কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপিসি আর্থিক সঙ্কটে পড়েছে। এজন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফরাসি ব্যাংক বিএনপি পারিবাস থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্ট্যান্ডার্ড চার্টাডের কাছ থেকে ৩০ কোটি ডলার ঋণের বিষয়টি অনুমোদিত হয়েছে। আর বিএনপি পারিবাসের ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।"
অর্থ উপদেষ্টা বলেন, এ ধরনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক সাধারণত ২০ থেকে ৩০ কোটি ডলার ঋণ দিয়ে থাকে। তারা আমাদের ২৫ কোটি ডলার দিতে রাজি হয়েছিল, আমরা তা বাড়িয়ে ৩০ কোটি করার অনুরোধ জানিয়েছি।"
মির্জ্জা আজিজুল ইসলাম জানান, গতবছরের এপ্রিলে যখন সর্বশেষ তেলের দাম সমন্বয় করা হয় তখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৬০ থেকে ৬৩ ডলার। এখন তা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১২ ডলারে। এ সঙ্কট মেটাতেই কঠিন শর্তে ঋণ নিতে হচ্ছে।
জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।"
আইএমএফ এর কাছ থেকে ২২ কোটি ডলার ঋণ নেওয়ার বিষয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে জ্বলানি তেল, সার ও খাদ্য আমদানি খাতে সরকারের ভর্তুকি বেড়ে ১৫ হাজার ৬০০ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। অথচ বাজেটে ভর্তুকি ধরা হয়েছিল ছয় হাজার ৫০০ কোটি টাকা।
এমন পরিস্থিতিতে লেনদেনের ভারসাম্য ঠিক রাখতেই আইএমএফ এর কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে- জানান অর্থ উপদেষ্টা।
বৈঠকে অর্থ সচিব মো. তারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, জ্বালানি সচিব মো. মহসিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এআরএইচ/আরএইচএন/এসএনডি/এমএ/১৪৪৫ঘ.
bdnews24