২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী আর মেয়ের আয়ে টিকে আছেন মুক্তিযোদ্ধা আজিজ মিয়া

নিরীহ লোকদের লাইনে দাঁড় করিয়ে গুলি চালিয়ে হত্যা করছে পাকিস্তানি সেনারা, ধরে নিয়ে যাচ্ছে গ্রামের মেয়েদের- একাত্তরে এসব দেখে আর স্থির থাকতে পারেননি সাভারের আব্দুল আজিজ মিয়া। চার বন্ধুকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কিন্তু এখন নানা রোগে শয্যাশায়ী এ বীরযোদ্ধা। যে ভাতা পান তাতে চিকিৎসা খরচই চলে না। স্ত্রী আর মেয়ের রোজগারেই চলছে তার সংসার। জানাচ্ছেন সেলিম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 06:37 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাভার, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরীহ লোকদের লাইনে দাঁড় করিয়ে গুলি চালিয়ে হত্যা করছে পাকিস্তানি সেনারা- একথা শুনে আর স্থির থাকতে পারেননি সাভারের আব্দুল আজিজ মিয়া। তার দোকানটিও ভেঙে চুরে দেয় পাক সেনারা। এ সব দেখে চার বন্ধুকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন আব্দুল আজিজ। জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কিন্তু এখন নানা রোগে শয্যাশায়ী এ বীরযোদ্ধা। যে ভাতা পান তাতে চিকিৎসা খরচই চলে না। স্ত্রী আর মেয়ের রোজগারেই চলছে তার সংসার। সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ মিয়া (৫৮) একাত্তরে টগবগে যুবক। ১৯৬৮ সালে সাভারের জিরাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর অর্থ সঙ্কটে পড়াশোনা আর এগোয়নি। আশুলিয়া বাজারে একটি পান-বিড়ির দোকান খোলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "মার্চের শেষ দিকে দোকানে আসা লোকজনের মুখে শুনি, পাক সেনারা নিরীহ লোকজনের ওপর অত্যাচার করছে; লাইন ধরে দাঁড় করিয়ে গুলি করে মারছে। একদিন দেখলাম, মেয়েদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। গাজীপুরের বোর্ডবাজারে গেলাম দোকানের জন্য বিড়ি-সিগারেট কিনতে। ফিরে এসে দেখি, দোকান নেই; গুঁড়িয়ে দিয়েছে হানাদাররা।" "শরীরের ভেতর তখন আগুন জ্বলছে, প্রতিজ্ঞা করলাম যুদ্ধে যাব। এপ্রিল মাসের শেষ দিকে আমরা চার বন্ধু যুদ্ধে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। কিছুদূর যাওয়ার পর দুই বন্ধু ফিরে আসে। আমি আর নূরুল ইসলাম মাস্টার অনড়। আমরা দুজন টঙ্গীতে গিয়ে ইসমাইল, তমিজ উদ্দিন মাস্টার, আবুল হোসেন, আবদুল কাদের, এসএম হাসানসহ কয়েকজনের দেখা পাই। তারাও যুদ্ধে যাবে। সেখান থেকে একটি নৌকায় চড়ে দুদিন পর ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগরে পৌঁছাই। সেখানে সাত দিন ধানক্ষেতে লুকিয়ে থাকার পর সীমান্ত পেরিয়ে ভারত যাই।" আব্দুল আজিজ ও তার সঙ্গীরা প্রথমে ভারতের আগরতলার ইছামতি ক্যাম্পে যোগাযোগ করেন। সেখানে তিন/চার দিন থাকার পর গেরিলা প্রশিক্ষণের জন্য যান গোকুলনগর ক্যাম্পে। সেখানে ২৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে ১৫ দিন প্রশিক্ষণের পর আগরতলার উমপিনগরে চলে সপ্তাহব্যাপী অস্ত্র চালানোর প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে তাদের পাঠানো হয় রণাঙ্গনে। স্মৃতি হাতড়ে আব্দুল আজিজ বললেন, "কুমিল্লা দিয়ে আমরা বাংলাদেশে ঢুকি। ২ নম্বর সেক্টরে যোগ দিই আমরা। বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী আর তাদের দোসর রাজাকারদের সঙ্গে যুদ্ধ করি।" ডিসেম্বরের প্রথম দিকে গাজীপুরের পূর্বাইলে সেক্টর কমান্ডার খালেদ মোশারফের অধীনে যুদ্ধে অংশ নেন আব্দুল আজিজ। গাজীপুরের ছয়দানা এলাকায় পাক হানাদারদের সাথে সম্মুখ যুদ্ধও করেন ওই সময়। দেশ স্বাধীন হওয়ার পর ঠিকাদারি ব্যবসায় নামেন মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। ১৯৭৬ সালে বিয়ে করেন নিজ গ্রামের জাহানারা বেগমকে। বর্তমানে ৩ ছেলে ৩ মেয়ে। স্ত্রী জাহানারা বেগম জিরাব এলাকার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আর বড় মেয়ে আমেনা বেগম একটি দর্জির দোকানে কাজ করে সংসারের হাল ধরেছেন। আব্দুল আজিজ বললেন, "নানান রোগে ভুগছি। মুক্তিযোদ্ধা ভাতা পাই প্রতি মাসে ৬০০ টাকা। এতে চিকিৎসা খরচও হয় না। স্ত্রী-কন্যার রোজগারে কোনোরকমে টিকে আছি। অনেক সময় মানুষের কাছেও হাত পাততে হয়।" স্বাধীন ভূমিতে এখন তার আক্ষেপ, "নিজের জীবন বাজী রেখে ১৯৭১সালে যুদ্ধ করে এ বাংলাদেশ স্বাধীন করেছি। আর এখন টাকার অভাবে নিজের চিকিৎসাটাও করাতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৫ ঘ.