ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা পুনঃনির্ধারণ নিয়ে আলোচনার জন্য মিয়নমারের দশ সদস্যের একটি বিশেষজ্ঞ দল রোববার ঢাকা এসেছে। আগামী সোম ও মঙ্গলবার বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন তারা।
রোববার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ-মিয়ানমার দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার। এই আলোচনা বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করবে।"
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠকে ১৮ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কে মাহমুদ।
প্রাকৃতিক কারণে বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমায় খুব দ্রুত পরিবর্তন হয় বলে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে এ বিষয়ে আলোচনার আহ্বান জানানো হচ্ছিল। সর্বশেষ ২০ বছর আগে সমুদ্রসীমা নিয়ে আলোচনায় বসেছিল মিয়ানমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/২১২৬ ঘ.
bdnews24