ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে রোববার ভোল্টেজ ব্রেকারে বিষ্ফোরণে দুই প্রকৌশলীসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।
এরা হলেন, কেন্দ্রের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, রূপম মিয়া এবং কর্মী বৃন্দাবন ও আব্দুল সালাম। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান জানান, দুপুর সোয়া ১২টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে ওই চারজন অগ্নিদগ্ধ হন।
বিস্ফোরণে কেন্দ্রের চার নম্বর ও জিটি দুই নম্বর ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনার পর প্রকৌশলী আব্দুল খালেককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত চার নম্বর ইউনিটটি সন্ধ্যায় আবার চালু হয়েছে। তবে জিটি দুই নম্বর ইউনিটটি বিকল হয়ে পড়ায় আগের চেয়ে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ৭২৮ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২১১০ ঘ.
bdnews24